দুবাইয়ে হোয়াটসঅ্যাপ-ভিত্তিক একটি অনলাইন গ্রুপে প্রতারণার শিকার হয়ে ১ লাখ দিরহাম, অর্থাৎ প্রায় ৩৩ লাখ টাকা হারিয়েছেন অন্ধ্রপ্রদেশের এক ভারতীয় নাগরিক। ঘটনাটি প্রথম প্রকাশ করেছে খালিজ টাইমস।
ভুক্তভোগী ব্যক্তি জানান, এই বিপুল পরিমাণ অর্থ তিনি ব্যক্তিগত ঋণ নিয়ে সংগ্রহ করেছিলেন। প্রতারণার শিকার হওয়ার পর তিনি এখন প্রতি মাসে ৮ হাজার দিরহাম কিস্তি দিচ্ছেন, যা তার মাসিক বেতনের অর্ধেকের চেয়েও বেশি।
প্রতারণার ঘটনাটি সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে ঘটে। ভুক্তভোগীকে ‘সি৪’ নামে একটি স্টক মার্কেট স্ট্র্যাটেজি বিষয়ক হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়েছিল, যেখানে ১৩৭ জন সদস্য ছিলেন। এই গ্রুপের অ্যাডমিনরা ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে যোগাযোগ করতেন। তাদের কারো সঙ্গে কখনো সামনাসামনি দেখা হয়নি, এমনকি ফোনেও কথা হয়নি বলে জানান তিনি।
সাক্ষাৎকারে ভুক্তভোগী বলেন, “এখনও বিশ্বাস করতে পারি না, আমি এর মধ্য দিয়ে গিয়েছি। আমি এমন কিছু লোককে বিশ্বাস করেছিলাম, যাদের সম্পর্কে কিছুই জানতাম না- এমনকি তাদের গলার আওয়াজও শুনিনি। অথচ তারা আমাকে সম্পূর্ণভাবে আর্থিকভাবে নিঃশেষ করে দিল।”
ঘটনার সূত্রপাত হয় গত এপ্রিল মাসে। ধাপে ধাপে বিভিন্ন বিনিয়োগের প্রলোভনে তাকে টাকা দিতে বলা হয় এবং তিনি আশায় টাকা পাঠাতে থাকেন। পরে বুঝতে পারেন, সবটাই ছিল সাজানো ফাঁদ।

