ইউক্রেনের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে- অর্থনীতিবিদ ইউলিয়া সুভরিদেঙ্কোকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রয়টার্সের খবর অনুযায়ী, স্থানীয় সময় গতকাল সোমবার (১৪ জুলাই) ইউলিয়াকে নতুন সরকারের নেতৃত্ব দেয়ার আহ্বান জানান তিনি।
ইউক্রেনের প্রথম উপ-প্রধানমন্ত্রী ইউলিয়া সুভরিদেঙ্কো গত ২৩ জানুয়ারী, ২০২৫ তারিখে সুইজারল্যান্ডের দাভোসে ৫৫তম বার্ষিক বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) সভায় আলোচনায় অংশ নিয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি ইউক্রেনের বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস স্যামিহালকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেয়ার প্রস্তাব দিয়েছেন। এর মধ্য দিয়ে ইউক্রেন সরকারে ব্যাপক রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই মনোনয়ন কার্যকর করতে এখন সংসদীয় অনুমোদন প্রয়োজন পড়বে। রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ শেষ করতে কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
জেলেনস্কি সামাজিকমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমরা… ইউক্রেনের অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি, ইউক্রেনীয়দের জন্য সহায়তা কর্মসূচি সম্প্রসারণ এবং আমাদের অভ্যন্তরীণ অস্ত্র উৎপাদন বৃদ্ধির জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি।’
প্রেসিডেন্ট আরো লিখেছেন, ‘এই লক্ষ্য অর্জনের জন্য, আমরা ইউক্রেনের নির্বাহী শাখার রদবদল শুরু করছি। সরকার পরিচালনা করার জন্য ইউলিয়াকে প্রস্তাব দেয়া হয়েছে।’
৩৯ বছর বয়সী ইউলিয়া একজন অর্থনীতিবিদ এবং ২০২১ সাল থেকে তিনি প্রথম উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তির জন্য সাম্প্রতিক আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এদিকে রাতের ভিডিও ভাষণে, জেলেনস্কি বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী স্যামিহালের বিশাল অভিজ্ঞতাকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পদে অত্যন্ত মূল্যবান বলে প্রশংসা করেছেন।
স্যামিহাল ২০২০ সালের মার্চ মাস থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনে দেশটি মস্কোর কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে সবচেয়ে বেশি সময় ধরে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

