গাজার উত্তরাঞ্চলে ট্যাংক বিস্ফোরণে ইসরায়েলি সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন এবং আরও একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
নিহত সেনারা হলেন স্টাফ সার্জেন্ট সোহাম মেনাহেম, সার্জেন্ট সোলমো ইয়াকির শ্রেম এবং সার্জেন্ট ইউলি ফাক্তর। আহত কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। চারজনই ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৫২নং ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
আইডিএফ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল হামাস যোদ্ধাদের ছোড়া রকেটচালিত গ্রেনেডের কারণে বিস্ফোরণটি ঘটেছে। কিন্তু পরে তাদের তদন্তে ইঙ্গিত মিলেছে, ট্যাংকের উপরের অংশে থাকা একটি ত্রুটিপূর্ণ শেল থেকেই ভেতরে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তারা এখন সম্ভাব্য একাধিক কারণ খতিয়ে দেখছে।
ঘটনার তদন্তে নিয়োজিত আইডিএফ ট্যাংকের অভ্যন্তরীণ ত্রুটি, নিরাপত্তা প্রটোকলের ব্যত্যয় এবং মানবিক ভুল- সবগুলো বিষয়ই পর্যালোচনা করছে বলে জানিয়েছে। আহত কর্মকর্তার অবস্থা এখনও আশঙ্কাজনক।
এই ঘটনায় গাজা যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সেনাদের নিরাপত্তা ব্যবস্থা এবং অস্ত্রের মান নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

