ভারতের কেন্দ্রীয় সরকার ক্যানসার, ডায়াবেটিসসহ ৭১টি অত্যাবশ্যক ওষুধের দাম নির্ধারণ করে দিয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওষুধের ভোক্তা পর্যায়ের মূল্য নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) নতুন এই দাম নির্ধারণ করেছে।
নির্ধারিত ওষুধগুলোর মধ্যে রয়েছে রিলায়েন্স লাইফ সায়েন্সেস-এর তৈরি ক্যানসারবিরোধী ওষুধ ট্রাস্টুজুমাব, যা স্তন ও গ্যাস্ট্রিক ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত হয়। এখন থেকে প্রতিটি ভায়ালের দাম হবে ১১ হাজার ৯৬৬ রুপি।
এছাড়া, পেপটিক আলসার চিকিৎসায় ব্যবহৃত ক্ল্যারিথ্রোমাইসিন, এসোমেপ্রাজল ও অ্যামোক্সিসিলিনের সংমিশ্রণযুক্ত একটি ওষুধের প্রতি ট্যাবলেটের দাম ১৬২.৫ রুপি নির্ধারণ করা হয়েছে, যা টরেন্ট ফার্মাসিউটিক্যালস উৎপাদন করে।
নতুন তালিকায় রয়েছে ডায়াবেটিস প্রতিরোধে ব্যবহৃত ২৫টি ওষুধও, যার মধ্যে রয়েছে ভারতের বহুল ব্যবহৃত সিটাগ্লিপ্টিন নামক ওষুধ। পাশাপাশি, কিছু কোম্পানির প্যারাসিটামলসহ অন্যান্য জ্বর ও ব্যথানাশক ওষুধের দামও বেঁধে দেওয়া হয়েছে।
গেজেট বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ওষুধ মূল্য নিয়ন্ত্রণ আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত এপ্রিল মাসে ভারত সরকার ৭৪৮টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম ১.৭৪ শতাংশ হারে বাড়ানোর অনুমোদন দিয়েছিল। ওই তালিকায় সাধারণ সর্দি-কাশি, ব্যথা, রক্তচাপ, কোষ্ঠকাঠিন্য ও অ্যান্টিবায়োটিক ওষুধ অন্তর্ভুক্ত ছিল।
আর ২০২৪ সালের অক্টোবরে কাঁচামালের দামে ব্যাপক বৃদ্ধির কারণে গ্লকোমা, অ্যাজমা, যক্ষ্মা, থ্যালাসেমিয়া, মানসিক রোগসহ বেশ কয়েকটি রোগের অন্তত আটটি জরুরি ওষুধের দাম ৫০ শতাংশ বা তার বেশি বাড়ানোর অনুমতি দেওয়া হয়, যা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। ওই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

