ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করেছে ইয়েমেনের বিচার বিভাগ। মঙ্গলবার (১৬ জুলাই) নির্ধারিত ফাঁসি কার্যকরের মাত্র এক দিন আগে এই আদেশ স্থগিত করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, এখনই মৃত্যুদণ্ড বাতিল হয়নি, তবে নতুন আশার দ্বার খুলেছে কেরালার এই নার্সের পরিবার।
ইয়েমেনের শরিয়া আইনের আওতায় একজন অপরাধীর মৃত্যুদণ্ড তখনই বাতিল হতে পারে, যদি ভুক্তভোগীর পরিবার ‘দিয়াহ’ বা আর্থিক ক্ষতিপূরণ গ্রহণে রাজি হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিমিশাকে বাঁচাতে এখন এই পথেই এগোচ্ছে পরিবার। ইতোমধ্যে তারা ১০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করে তালাল আব্দো মাহদির পরিবারের কাছে ক্ষতিপূরণের প্রস্তাবও পাঠিয়েছে।
তবে নিহত মাহদির পরিবার এখনো আপসপ্রস্তাবে সাড়া দেয়নি। বড় ভাই আব্দেলফাত্তাহ মাহদি বলেন, তারা শরিয়া আইনের ‘কিসাস’ (প্রতিশোধস্বরূপ বিচার) বাস্তবায়ন চান এবং অপরাধীকে শাস্তি দিতেই বদ্ধপরিকর। তিনি ভারতীয় গণমাধ্যমের বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ তুলে বলেন, নিমিশাকে ‘ভিকটিম’ হিসেবে উপস্থাপন করে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে।
তবে ‘সেভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল’ বলছে, তারা আশা হারাচ্ছে না। সংস্থাটির মুখপাত্র বাবু জন বলেন, “আমরা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবো।”
২০১৭ সালে ইয়েমেনি নাগরিক তালাল মাহদিকে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করে তার পাসপোর্ট উদ্ধার করতে গিয়ে মৃত্যু ঘটান নিমিশা। পরে সহকর্মীর সহায়তায় মরদেহ টুকরো করে পানির ট্যাংকে লুকিয়ে ফেলেন। পালানোর চেষ্টার সময় ধরা পড়েন তিনি। এরপর থেকে ইয়েমেনের কারাগারেই বন্দি রয়েছেন।
নিমিশার পরিবার জানায়, মাহদির সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বের জেরে নিমিশা নানা নির্যাতনের শিকার হন। পাসপোর্ট কাড়ার পাশাপাশি তাকে মাদক সেবনে বাধ্য করা হয় বলেও অভিযোগ। কিন্তু আইনি সহায়তা পাননি তিনি।
২০১৮ সালে ইয়েমেনের সর্বোচ্চ আদালতে আপিলে ব্যর্থ হয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলেও তা নাকচ হয়। ফলে ‘দিয়াহ’ই এখন তার মুক্তির একমাত্র সম্ভাব্য পথ।
ইয়েমেনে মামলাটি দেখভাল করছে ভারতের সরকারি পর্যায়ে নিযুক্ত আইনজীবী ও কর্মকর্তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইয়েমেন সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমেই মৃত্যুদণ্ড আপাতত স্থগিত করা সম্ভব হয়েছে।

