পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী ও সাংবাদিক রেহাম খান ‘পাকিস্তান রিপাবলিক পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। গতকাল (১৬ জুলাই) করাচি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দলটির আত্মপ্রকাশ ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে রেহাম জানান, তার দলের লক্ষ্য হলো- পাকিস্তানের সংসদে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা। তিনি বলেন, “পুরো পাকিস্তান আমার সংবিধান। আমাদের নতুন দলের লক্ষ্য কেবল রাজনৈতিক নয় বরং দেশের শান্তি, মর্যাদা ও গণমানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা।”
সাবেক বিবিসি সাংবাদিক রেহাম খান আরও বলেন, “নারী ও কৃষকদের অধিকার নিশ্চিত, রাষ্ট্রীয় সংস্কার ও প্রতিদিনের বাস্তবতা যেন নীতিনির্ধারণে প্রতিফলিত হয়- এই লক্ষ্যে কাজ করবে পাকিস্তান রিপাবলিক পার্টি।”
দল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে রেহাম বলেন, “এই রাজনৈতিক দল আপনাদের। ওয়ার্কিং গ্রুপে যোগ দিন। আসুন আমরা পাকিস্তান রিপাবলিক পার্টির পতাকাতলে সমবেত হই এবং আমাদের ভবিষ্যতের পরিকল্পনা একসঙ্গে করি।”
রেহামের পারিবারিক ও রাজনৈতিক পটভূমি-
১৯৭৩ সালে খাইবার পাখতুনখোয়ার বাফা শহরে জন্মগ্রহণ করেন রেহাম। তার পরিবার পশতুন পাঠান জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। পিতা ছিলেন চিকিৎসক এবং চাচা ছিলেন রাজ্যের সাবেক গভর্নর ও হাইকোর্টের বিচারক।
১৯৯২ সালে ১৯ বছর বয়সে চাচাতো ভাই ইজাজ খানের সঙ্গে প্রথম বিয়ে হয় তার। সেই সংসারে তিন সন্তান রয়েছে, যারা মায়ের সঙ্গেই থাকেন। বিচ্ছেদের পর সাংবাদিকতায় ক্যারিয়ার শুরু করেন রেহাম।
২০১৫ সালের জানুয়ারিতে তিনি তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে বিয়ে করেন। তবে দশ মাসের মধ্যে সেই বিবাহবিচ্ছেদ ঘটে। পরবর্তীতে, ২০২২ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানি অভিনেতা মির্জা বিলালের সঙ্গে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
রেহামের রাজনৈতিক আত্মপ্রকাশ এমন সময় হলো, যখন পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ মতপার্থক্য তীব্র আকার ধারণ করেছে। তার নতুন দল কতটা প্রভাব ফেলতে পারে, তা এখন সময়ই বলে দেবে।

