সিরিয়ার সার্বভৌমত্ব ও সংহতির প্রতি জোরালো সমর্থন জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে দেশটির ভূখণ্ডে ইসরাইলের ধারাবাহিক বিমান হামলার কঠোর নিন্দাও জানিয়েছে রিয়াদ। মঙ্গলবার (১৬ জুলাই) এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে সৌদি সরকার। একই সঙ্গে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠায় দেশটির সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, ইসরাইলের এই বারবারের আগ্রাসন আন্তর্জাতিক আইন এবং ১৯৭৪ সালের যুদ্ধবিরতির বিচ্ছিন্নকরণ চুক্তির স্পষ্ট লঙ্ঘন। সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ইসরাইলি হস্তক্ষেপ দেশটির সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে।
এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব। সেই সঙ্গে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের দাবিও জানায় দেশটি।
এ বিবৃতি এমন সময়ে এলো, যখন ইসরাইল দক্ষিণ সিরিয়ার সুয়াইদা প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দারা এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সুয়াইদা শহরের একাধিক স্থানে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়, যদিও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
ইসরায়েলের আর্মি রেডিওর তথ্যমতে, সুয়াইদা শহরের একটি ট্যাঙ্কে আঘাত হানা হয় এবং দারার ইজরা শহরের উপকণ্ঠেও হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে সিরিয়ার সামরিক বহর, ট্যাঙ্ক এবং রকেট লঞ্চার সিস্টেম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এই হামলার সময়টিও তাৎপর্যপূর্ণ। এর কয়েক ঘণ্টা আগেই সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা স্থানীয় দ্রুজ নেতাদের সঙ্গে বৈঠক শেষে সুয়াইদায় পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করেন। যুদ্ধবিরতির অংশ হিসেবে ওই এলাকা থেকে সেনাবাহিনীর ভারী অস্ত্র সরিয়ে নেওয়া হচ্ছিল এবং নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করা হচ্ছিল অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর কাছে।
তবে এর আগের দিন সোমবার, সুয়াইদায় সশস্ত্র বেদুইন যোদ্ধা ও দ্রুজ মিলিশিয়াদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ৩০ জনের বেশি নিহত ও প্রায় ১০০ জন আহত হয় বলে জানিয়েছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

