অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের তদন্তে গঠিত জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক কমিশনের তিন সদস্য হঠাৎ পদত্যাগ করেছেন। সোমবার (১৪ জুলাই) পদত্যাগপত্র জমা দেন কমিশনের প্রধান নাভি পিলাই এবং সদস্য ক্রিস সিডোটি ও মিলুন কোঠারি।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল জানিয়েছে, পদত্যাগের কারণ হিসেবে তিনজনই ‘ব্যক্তিগত’, বিশেষ করে বয়সজনিত বিষয় উল্লেখ করেছেন। একই সঙ্গে কমিশনের ভবিষ্যৎ কার্যকারিতা বিবেচনায় নতুন সদস্য নিয়ে পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথাও তারা বলেছেন।
তবে এই পদত্যাগ এমন সময়ে এলো, যখন ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপড়েন তীব্র হয়ে উঠেছে।
সম্প্রতি জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক মানবাধিকার বিশেষ প্রতিনিধি ফ্রানচেস্কা আলবানিজ গাজা ও পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।
ওয়াশিংটনের দাবি, আলবানিজ ইসরায়েলবিরোধী ও ইহুদিবিদ্বেষী মন্তব্য করেছেন। এমনকি তাকে অপসারণের দাবি তোলে যুক্তরাষ্ট্র। চলতি মাসের ১ জুলাই এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সতর্ক করে জানায়, জাতিসংঘ যদি আলবানিজের বিষয়ে ব্যবস্থা না নেয়, তাহলে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে এবং যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
তবে জাতিসংঘের স্পেশাল প্রোসিডিওরস কমিটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের পর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল এই তদন্ত কমিশন গঠন করে। কমিশনটি অভিযোগের ভিত্তিতে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় পক্ষের সম্ভাব্য যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনার অনুসন্ধান করছিল।

