ইরান ও ইসরাইলের মধ্যকার ১২ দিনের যুদ্ধে ইরানের পাল্টা হামলায় ইসরাইলি বিমান বাহিনীর ৩০ জন বৈমানিক নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কুমি। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ তথ্য দেন।
ইরানি বার্তা সংস্থা ‘মেহের’ এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।
সাবেক এই কূটনীতিক বলেন, “এটি দখলদার ইসরাইলি শাসনব্যবস্থার জন্য কোনো ছোট ঘটনা নয়।” তার মতে, ইসরাইল এত বড় ক্ষয়ক্ষতি গোপন রাখার চেষ্টা করছে কারণ তা প্রকাশ পেলে ইসরাইলি জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, ১২ দিনের এই সংঘাতের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করেছিল। কিন্তু ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এবং বিপ্লবী নেতার নেতৃত্বে তারা ব্যর্থ হয়। ইরান তাদের বড় ধরনের আঘাত হেনে শত্রুর ‘অঞ্চলভিত্তিক পরিকল্পনা’ ভণ্ডুল করে দেয়।
উল্লেখ্য, চলতি বছরের ১৩ জুন শুরু হওয়া সংঘাতে ইসরাইল ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় একের পর এক বিমান হামলা চালায়। পরবর্তীতে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা- নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহান- উপস্থিত স্থানে হামলা চালায়।
এর জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ শাখা ‘অপারেশন ট্রু প্রমিস-৩’-এর অংশ হিসেবে ইসরাইলের বিভিন্ন দখলকৃত শহরে ২২ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
তাছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদেও মিসাইল হামলা চালায়। এটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য অঞ্চলের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত।
সবশেষে, এই সংঘাত ২৪ জুন একটি যুদ্ধবিরতির মাধ্যমে সাময়িকভাবে বন্ধ হয়।

