যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা না চালানোর পরামর্শ দিয়েছেন। সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কিকে রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে উৎসাহ দিচ্ছেন ট্রাম্প। তবে মঙ্গলবার হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই দাবি প্রত্যাখ্যান করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প সাফ জানান, “না, এটা উচিত হবে না। মস্কোতে হামলা চালানো কখনও তার (জেলেনস্কির) জন্য উচিত হবে না।”
এর আগে গত সোমবার ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে কড়া অবস্থান নেন। তিনি ঘোষণা করেন, যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে রাশিয়া যুদ্ধ থামাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করবে।
ইউক্রেনের উদ্দেশ্যে পাঠানো মার্কিন দূরপাল্লার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিয়েও জিজ্ঞেস করা হলে ট্রাম্প বলেন, “আপনারা যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের চালানের কথা বলছেন, সেটা আমরা পাঠাচ্ছি না। জার্মানি আমাদের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনে তা ইউক্রেনে পাঠাচ্ছে।” তিনি আরো যোগ করেন, “আমি কোনো পক্ষ নিচ্ছি না। আমি শুধু চাই, হত্যা বন্ধ হোক।”
এ বক্তব্যের মাধ্যমে ট্রাম্প যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর অবস্থান বজায় রাখার ইঙ্গিত দেন।

