কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ সাংবাদিকদের ফোন দিয়ে সাক্ষাৎকার দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরনো স্বভাব। পরিকল্পিত স্টুডিও আলোচনার চেয়ে সরাসরি ফোনালাপকে তিনি বেশি পছন্দ করেন- আর ঠিক এমনভাবেই ট্রাম্প সোমবার রাতে ফোন করে সাক্ষাৎকার দিলেন বিবিসির প্রধান উত্তর আমেরিকা সংবাদদাতা গ্যারি ও’ডোনোগুকে।
ঘটনাটি ঘটে এমন এক সময়, যখন ওই সাংবাদিক ঘুমাচ্ছিলেন। পরে বিবিসির প্রতিবেদনে ও’ডোনোগু নিজেই ঘটনার বর্ণনা দেন। তিনি লেখেন, “ফোন আসার সময় আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ঘুম ভেঙে দেখি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফোনের ওপারে- বললেন, প্রেসিডেন্ট কথা বলতে চান।”
রেকর্ডিংয়ের প্রস্তুতি নিতে গিয়ে প্রথমবার কলটি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে কিছুক্ষণ পর দ্বিতীয়বার কল এলে প্রায় ২০ মিনিট ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন ও’ডোনোগু।
এই সাক্ষাৎকারের পেছনে যে একটি সম্ভাব্য পটভূমি ছিল, তা-ও উল্লেখ করেন সাংবাদিকটি। তিনি জানান, গত বছর পেনসিলভেনিয়ার বাটলারে ট্রাম্পের ওপর হামলার বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্টের পক্ষ থেকে হয়তো কোনো সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়া হতে পারে- এমন ধারণা ছিল তার। বিশেষ করে সেই সময়কার রিপোর্টিং আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছিল।
সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে আলোচনার বিষয় ছিল- বাটলারের সেই রাত, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিয়ে তার হতাশা, ন্যাটো নিয়ে মত বদল এবং যুক্তরাজ্য সম্পর্কে সাম্প্রতিক দৃষ্টিভঙ্গি।

