গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান ও স্থল হামলায় আরো ৯৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। একদিনে আহত হয়েছেন অন্তত ২৫২ জন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে চলমান সংঘাতে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৫৭৩ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জন।
বার্তাসংস্থা আনাদোলুর বরাতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জনের মরদেহ স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে। বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছে, যেগুলোর কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।
একই সময়ে মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৭ জন নিহত হন এবং আহত হন অন্তত ৩০ জন। ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৮৫১ জন, আহত হয়েছেন ৫ হাজার ৬৩৪ জন।
গত ১৮ মার্চ ইসরায়েল আবারো গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে। ওই সময় থেকে ইসরায়েলি বাহিনী ৭ হাজার ৭৫০ জনকে হত্যা করেছে এবং আহত করেছে আরও ২৭ হাজার ৫৬৬ জনকে।
যদিও এর আগে জানুয়ারিতে দুই পক্ষ অস্ত্রবিরতি ও বন্দি বিনিময়ে সম্মত হয়েছিল, বাস্তবে তা কার্যকর হয়নি।
ইসরায়েলের এই সামরিক অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে একাধিক মামলা চলমান রয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত নভেম্বরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) গাজায় চালানো অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে।

