ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরাইলকে যুক্তরাষ্ট্রের ‘শিকলে বাঁধা কুকুর’ হিসেবে আখ্যায়িত করেছেন। বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশিত এক বক্তৃতায় তিনি বলেছেন, “আমাদের দেশ যুক্তরাষ্ট্র ও এর শিকলে বাঁধা কুকুর ইহুদিবাদী ইসরাইলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। আর এটা অত্যন্ত প্রশংসনীয়।”
গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। সেই সময়ই যুক্তরাষ্ট্র তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা ইরান সমর্থন করে। এ হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
খামেনি বলেন, “আমরা যে ঘাঁটিতে হামলা চালিয়েছিলাম, সেটি যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল আঞ্চলিক ঘাঁটি। যুক্তরাষ্ট্র ও অন্যদের আরও বড় আঘাত দেওয়া সম্ভব।”
বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় ফেরার জন্য আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। ইউরোপের তিনটি প্রধান দেশসহ যুক্তরাষ্ট্র আগস্ট মাসের শেষ পর্যন্ত সময়সীমা দিয়েছে চুক্তিতে অগ্রগতি দেখানোর জন্য।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেছেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি না হয়, তবে জাতিসংঘের ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করা হবে।
খামেনি বলেন, “আমরা কূটনৈতিক বা সামরিক ক্ষেত্রে সবসময় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই প্রবেশ করি; দুর্বলতা থেকে নয়।” তিনি কূটনীতিকদের নির্দেশনা অনুসরণ করে জোরদার কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন, যদিও বিস্তারিত কিছু জানাননি।
এদিকে, ইরানের পার্লামেন্ট বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, পূর্বশর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা উচিত নয়।

