সিরিয়ার রাজধানী দামেস্কের মধ্যাঞ্চলে অবস্থিত রাষ্ট্রীয় টিভি ভবনে ইসরাইলি বিমান হামলা চালানো হয়েছে। এই হামলার সময় ক্যামেরার সামনে থেকে দ্রুত দৌড়ে পালিয়ে যান একজন টিভি উপস্থাপিকা। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বুধবার সামাজিক মাধ্যমে ওই ভিডিওটি শেয়ার করেছেন।
তিন দিন ধরে সিরিয়ায় ইসরাইলি বাহিনী হামলা চালাচ্ছে। দক্ষিণ সিরিয়ার সুইদাতে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের পক্ষে এ হামলা চালানো হচ্ছে। দ্রুজ ধর্মীয় সম্প্রদায় শিয়া ইসলামের একটি শাখা, যার বিশ্বব্যাপী প্রায় ১০ লাখ অনুসারী রয়েছে। এর অর্ধেকের বেশি সিরিয়ায় বাস করে, বাকিরা লেবানন ও ইসরাইলে বসবাস করেন। ইসরাইল এই দ্রুজ সম্প্রদায়কে নিজেদের লোক মনে করে।
ইসরাইলি দ্রুজ সম্প্রদায়ের উদ্দেশ্যে কাটজ জানিয়েছেন, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী সিরিয়ার ওই সম্প্রদায়কে রক্ষা করবে।
কাটজ বলেন, “প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও আমি একটি প্রতিশ্রুতি দিয়েছি এবং আমরা তা বজায় রাখব।”
মঙ্গলবার রাতে এক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল ‘সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে ইসরাইলের সীমান্তে একটি অসামরিকীকৃত এলাকা হিসেবে সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ’ এবং ‘দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষার দায়িত্ব’ তাদের।

