থাইল্যান্ডে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ ভিক্ষুদের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে তাদের গোপন ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করার। ‘মিস গল্ফ’ নামে পরিচিত ওই নারী অন্তত নয়জন ভিক্ষুর সঙ্গে সম্পর্ক করে প্রায় ৮০ হাজার গোপন ছবি ও ভিডিও সংগ্রহ করতেন। গত তিন বছরে তিনি এভাবে প্রায় ৩৮৫ মিলিয়ন বাত (১২ মিলিয়ন ডলার) আদায় করেছেন।
তদন্তে জানা যায়, তিনি এসব ছবি ও ভিডিও ব্যবহার করে ভিক্ষুদের অর্থ দাবী করতেন। মামলার সূত্রপাত হয় চলতি বছরের জুনে, যখন ব্যাংককের এক ভিক্ষু হঠাৎ সন্ন্যাস ত্যাগ করেন এবং দাবি করেন ওই নারী তাকে গর্ভধারণের কথা বলে ৭ মিলিয়ন বাত চেয়েছিল।
পুলিশ জানায়, একই কৌশলে তিনি একাধিক ভিক্ষুর কাছ থেকে অর্থ আদায় করেছেন। ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ায় খরচ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নারীর বিরুদ্ধে ব্ল্যাকমেইল, মানি লন্ডারিং এবং চুরি করা সম্পদ গ্রহণের অভিযোগ আনা হয়েছে।
ঘটনার পর থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান সঙ্ঘের সর্বোচ্চ পরিষদ তদন্ত কমিটি গঠন করেছে। সরকারও ভিক্ষুদের জন্য কঠোর শাস্তির বিধান প্রণয়ন করতে যাচ্ছে।
থাইল্যান্ডের ৯০ শতাংশের বেশি মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী এবং ভিক্ষুদের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু সাম্প্রতিক সময়ে ভিক্ষুদের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি, অনিয়ম ও মাদক সংক্রান্ত অভিযোগ বেড়েছে, যা সঙ্ঘকে বিতর্কের মধ্যে ফেলেছে।
সম্প্রতি থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ণ ৮১ জন ভিক্ষুকে দেওয়া রাজকীয় উপাধি বাতিল করেছেন। তিনি বলেছেন, এসব ঘটনা বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে গভীর ক্ষতি করেছে।

