যুক্তরাজ্যে তিনজনের ডিএনএ ব্যবহার করে জন্ম নেওয়া আটটি শিশু বংশগত দুরারোগ্য রোগ থেকে মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই পদ্ধতিতে মা ও বাবার ডিম্বাণু ও শুক্রাণুর সঙ্গে অন্য এক নারীর সুস্থ ডিম্বাণুর অংশ ব্যবহার করা হয়। এর মাধ্যমে মায়ের ত্রুটিপূর্ণ মাইটোকন্ড্রিয়া প্রতিস্থাপিত হয় সুস্থ মাইটোকন্ড্রিয়া দিয়ে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ১০ বছর আগে যুক্তরাজ্যে এই পদ্ধতিকে আইনগত স্বীকৃতি দেয়া হলেও এবারই প্রথম সাফল্যের সঙ্গে এর প্রয়োগে সুস্থ শিশু জন্ম নিয়েছে। মাইটোকন্ড্রিয়াল রোগ শরীরের শক্তি উৎপাদনে বাধা দেয়, ফলে শিশুর হৃদযন্ত্র, মস্তিষ্ক ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক সময় শিশুর মৃত্যু হয় জন্মের কয়েক দিনের মধ্যে।
এই পদ্ধতিতে শিশুদের প্রায় সব জেনেটিক উপাদান আসে তাদের মা-বাবার কাছ থেকে, কেবলমাত্র ০.১ শতাংশ ডিএনএ আসে তৃতীয় নারীর থেকে, যা বংশপরম্পরায় চালিত হয় না।

নিউক্যাসল ফার্টিলিটি সেন্টারে এই প্রক্রিয়ায় অংশ নেওয়া পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন মা বলেছেন, “অনিশ্চয়তার বছর পর এই চিকিৎসা আমাদের জন্য আশার আলো হয়েছে।” অন্য একজন মা বলেন, “আমরা মাইটোকন্ড্রিয়াল রোগের যন্ত্রণার পরিণাম থেকে মুক্তি পেয়েছি এবং একটি পূর্ণ পরিবার হয়েছি।”
মাইটোকন্ড্রিয়া হলো কোষের মধ্যে অক্সিজেন ব্যবহার করে শক্তি তৈরি করে এমন ক্ষুদ্র অঙ্গাণু, যা কেবল মায়ের দিক থেকেই সন্তানের শরীরে যায়। নিউক্যাসল ইউনিভার্সিটি ও সংশ্লিষ্ট হাসপাতালে দশক আগে এই প্রযুক্তির উন্নয়ন শুরু হয় এবং ২০১৭ সালে এনএইচএস-এ একটি বিশেষায়িত ইউনিট চালু হয়।
এই পদ্ধতিতে দুই নারীর ডিম্বাণু ও বাবার শুক্রাণুকে ল্যাবরেটরিতে নিষিক্ত করা হয় এবং ডিএনএ নিয়ে একটি সুস্থ মাইটোকন্ড্রিয়া যুক্ত ভ্রূণ তৈরি করা হয়, যা মাইটোকন্ড্রিয়াল রোগ থেকে শিশুকে রক্ষা করে।

