বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচের (এফসিএস) লকিং মেকানিজমে কোনো ত্রুটি মেলেনি বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। প্রতিষ্ঠানটি জানায়, নিরাপত্তা নিশ্চিত করতে বহরে থাকা সব বোয়িং ৭৮৭-৮ বিমান সতর্কতামূলকভাবে পরীক্ষা করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার মালিকানাধীন টাটা গ্রুপের পক্ষ থেকে এই তথ্য জানায় এনডিটিভি।
ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএ গত ১৪ জুলাই একটি নির্দেশনা জারি করে। তাতে বলা হয়, ২১ জুলাইয়ের মধ্যে নির্দিষ্ট বোয়িং ৭৮৭ বিমানের এফসিএস পরীক্ষা সম্পন্ন করতে হবে। নির্দেশনার পরপরই এয়ার ইন্ডিয়া এই পদক্ষেপ নেয়।
এর পেছনের কারণ ছিল আহমেদাবাদে একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্ত। সেখানে দেখা যায়, উড্ডয়নের ঠিক পরই মাত্র ১ সেকেন্ড ব্যবধানে বিমানের দুই ইঞ্জিনের ফুয়েল কাট-অফ সুইচ ‘রান’ থেকে ‘কাট-অফ’ অবস্থায় চলে যায়। এতে ৩২ সেকেন্ডের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে এবং ২৬০ জন নিহত হন।
এয়ার ইন্ডিয়ার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমাদের সমস্ত বোয়িং ৭৮৭-৮ বিমানে থ্রটল কন্ট্রোল মডিউল (টিসিএম) পরিবর্তন করা হয়েছে, যা বোয়িংয়ের রক্ষণাবেক্ষণ পরিকল্পনার অংশ। এই মডিউলের ভেতরেই রয়েছে এফসিএস।’ তিনি আরও বলেন, ‘গত সপ্তাহে আমাদের প্রকৌশলীরা এফসিএস লকিং মেকানিজম পরীক্ষা করেছেন, কোনো ত্রুটি পাওয়া যায়নি।’
এই তথ্য একটি অভ্যন্তরীণ বার্তার মাধ্যমে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট অপারেশনস টিম পাইলটদের জানায়।
এর আগে একই ধরনের পরীক্ষা চালানো হয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রায় সব বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানেও। সেগুলোর মাঝেও কোনো ত্রুটি পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
ডিজিসিএর এই নির্দেশনার ভিত্তি ছিল মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর ২০১৮ সালের একটি বুলেটিন। তাতে কিছু বোয়িং ৭৩৭ বিমানের ফুয়েল সুইচের লকিং ফিচার অকার্যকর হওয়ার সম্ভাবনার কথা বলা হয়। তবে সেটি আবশ্যিক না হওয়ায় এয়ার ইন্ডিয়া তখন পরীক্ষা চালায়নি।
আহমেদাবাদের দুর্ঘটনায় ব্যবহৃত বোয়িং ৭৮৭ বিমানেও সেই একই ধরনের সুইচ ব্যবহৃত হয়েছিল। তদন্ত সংস্থা এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) জানায়, উড্ডয়নের মাত্র ১ সেকেন্ডের ব্যবধানে দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে র্যাম এয়ার টারবাইন (আরএটি) ব্যবহার করে হাইড্রোলিক শক্তি জোগাড়ের চেষ্টা চালানো হয় কিন্তু তা যথেষ্ট ছিল না।

