এ বছরের শেষেই দুবাইয়ে উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’। এক হাজার ১৯৭ ফুটেরও বেশি উচ্চতার এই হোটেলটি বর্তমানের সর্বোচ্চ হোটেল ‘গেভোরা’র রেকর্ড (১,১৬৯ ফুট) ভেঙে দেবে। বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সিয়েল হোটেলটির নকশা করেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নর গ্রুপ এবং নির্মাণের দায়িত্বে রয়েছে দ্য ফার্স্ট গ্রুপ। ৮২ তলার এই হোটেলে থাকবে প্রায় ১,০০৪টি রুম ও ১৪৭টি স্যুট। পুরো স্থাপনাটিই আধুনিক স্থাপত্য, বিলাসিতা ও আতিথেয়তার নতুন মানদণ্ড গড়বে বলে প্রত্যাশা করছে নির্মাতা প্রতিষ্ঠান।
হোটেলটির মূল আকর্ষণগুলোর মধ্যে থাকবে- ১২তলা উঁচু ‘অ্যাট্রিয়াম স্কাই গার্ডেন’, এক হাজার ১৫৮ ফুট উচ্চতার স্কাই রেস্তোরাঁ এবং ১,০০৪ ফুট ওপরে বিশ্বের সর্বোচ্চ ‘ইনফিনিটি পুল’। অতিথিরা মেঝে থেকে ছাদ পর্যন্ত বিস্তৃত কাচের জানালা দিয়ে পারস্য উপসাগরের ৩৬০ ডিগ্রি দৃশ্য উপভোগ করতে পারবেন।
দ্য নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, হোটেলটিতে থাকবে ১০টি রেস্তোরাঁ, যার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করতে যাওয়া ‘টাট্টু দুবাই’। এর স্কাই লাউঞ্জ থাকবে ৮১তম তলায়, স্কাই পুল ৭৬তম তলায় এবং টাট্টু রেস্তোরাঁ ৭৪তম তলায়।
বর্তমানে হোটেলটির নির্মাণ চলছে। এপ্রিলে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রবেশপথের ৬৫ শতাংশ, খাবারের জায়গার ৫০ শতাংশ, অতিথিকক্ষের আসবাবপত্র স্থাপনার ৪৫ শতাংশ এবং অবসর ডেকের ফিট-আউটের ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, ‘কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিট্যাট’ যেসব স্থাপনা ৩০০ মিটারের বেশি (প্রায় ৯৮৪ ফুট) উচ্চতার, তাদের ‘সুপারটল’ হিসেবে চিহ্নিত করে। এ সংজ্ঞা অনুযায়ী, ‘সিয়েল’ হবে বিশ্বের অন্যতম সুপারটল হোটেল। সম্প্রতি কানাডা টরন্টোতেও তাদের প্রথম সুপারটল স্থাপনাটি উদ্বোধন করেছে।

