পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মুষলধারে বৃষ্টিপাতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ জন নিহত ও আরো ২৯০ জন আহত হয়েছেন। বুধবার সকাল থেকে শুরু হওয়া এই প্রবল বর্ষণে প্রাণহানির ঘটনাগুলো ঘটে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)।
প্রতিবেদন অনুযায়ী, প্রাণহানির অধিকাংশ ঘটনা ঘটেছে দালান ধসের কারণে। এছাড়া বিদ্যুৎস্পৃষ্ট ও জলাবদ্ধ পানিতে ডুবে মৃত্যুর ঘটনাও ঘটেছে। পরিস্থিতির ভয়াবহতায় রাজধানী ইসলামাবাদের পার্শ্ববর্তী শহর রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে মানুষ ঘরে থাকতে পারে। শহরের নদীগুলো ফুলে-ফেঁপে উঠায় নদীর তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।
চলতি বর্ষা মৌসুমে পাকিস্তানজুড়ে এখন পর্যন্ত প্রায় ১৮০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে প্রায় অর্ধেকই শিশু। শুধু পাঞ্জাবেই বৃষ্টির ফলে একাধিক এক্সপ্রেসওয়ে বন্ধ হয়ে গেছে এবং বহু ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হয়েছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বৃহস্পতিবার এক টুইটে জানান, প্রদেশের বিভিন্ন জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। তিনি বলেন, “সরকারি সংস্থাগুলো সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। সবাইকে অনুরোধ করছি সতর্কতামূলক নির্দেশনা মেনে চলুন।”
বিশেষত প্রদেশের চকওয়াল শহরে একদিনেই রেকর্ড ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে উদ্ধারকাজে নৌকা ও সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। পাঞ্জাব সরকার আগাম সতর্কতা জারি করেছে যে, সপ্তাহান্তে আরও ভারী বৃষ্টিপাত ও হঠাৎ বন্যা হতে পারে। পুরো প্রদেশজুড়ে হাজার হাজার উদ্ধারকর্মী মোতায়েন রাখা হয়েছে।
প্রায় ২৫ কোটি জনসংখ্যার পাকিস্তান জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বিবেচিত। দেশটি বছরে দুটি মৌসুমি ধাক্কা সামলায়- একটি তীব্র গরম ও খরার জন্য, অন্যটি বর্ষার সময় প্রবল বৃষ্টির কারণে। বিশেষজ্ঞরা জানান, পাকিস্তানে ১৩ হাজারেরও বেশি হিমবাহ রয়েছে, যেগুলোর বেশিরভাগই দ্রুত গলে যাচ্ছে।
২০২২ সালে ভয়াবহ বর্ষা মৌসুমে পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা প্লাবিত হয়েছিল। সে সময় প্রায় ১,৭০০ জন প্রাণ হারান এবং ৩০ বিলিয়ন ডলারের বেশি অর্থনৈতিক ক্ষতি হয়। ২০২৩ সালে জাতিসংঘের মহাসচিব পাকিস্তানকে ‘দ্বিগুণভাবে জলবায়ুর শিকার’ হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানান।

