ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় একদিনে আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩৬৭ জন।
এই নিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৭৭ জনে। তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় ৯৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের সংখ্যা ৩৬৭ জন। এতে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জনে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বা রাস্তায় পড়ে আছেন। নিরাপত্তা পরিস্থিতির কারণে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় কেবল মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৩২ জনের বেশি আহত হয়েছেন। ২৭ মে থেকে এ পর্যন্ত এই ধরনের ঘটনায় প্রাণ গেছে ৮৭৭ জনের, আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৬৬৬ জন।
চলতি বছরের জানুয়ারিতে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়েছিল। তবে ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও পূর্ণমাত্রায় হামলা শুরু করে। এরপর থেকে গত চার মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৭ হাজার ৮৪৩ জন নিহত এবং প্রায় ২৭ হাজার ৯২২ জন আহত হয়েছেন।
এর আগে গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়া গাজায় চলমান সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলমান রয়েছে।

