মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার দক্ষিণাঞ্চলে সম্প্রতি ছড়িয়ে পড়া সহিংসতায় প্রাণ হারিয়েছেন প্রায় ৬০০ জন। নিহতদের মধ্যে প্রায় অর্ধেকই ধর্মীয় সংখ্যালঘু ড্রুজ সম্প্রদায়ের সদস্য বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (SOHR)’।
শুক্রবার (১৮ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত রোববার থেকে সিরিয়ার সুয়েইদা প্রদেশে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সংঘাতে অন্তত ৫৯৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০০ জনই ড্রুজ গোষ্ঠীর। তাদের মধ্যে ১৪৬ জন ছিলেন যোদ্ধা এবং ১৫৪ জন বেসামরিক নাগরিক। এদের অন্তত ৮৩ জনকে সরাসরি হত্যা করেছে সরকারি বাহিনী।
এছাড়া সরকারি বাহিনীর ২৫৭ জন সদস্য এবং বেদুইন গোষ্ঠীর ১৮ জন যোদ্ধাও এই সংঘাতে প্রাণ হারিয়েছেন। পাল্টা হামলায় ড্রুজ যোদ্ধারা ৩ জন বেদুইন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলেও জানায় SOHR।
এই সহিংসতার সূত্রপাত হয়েছে ড্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যকার পুরনো এক বিরোধ থেকে। পরিস্থিতির সুযোগ নিয়ে সিরিয়ার সরকারপন্থি বাহিনীগুলো সুয়েইদায় অভিযান চালায়। এ সময় শহরে ঢুকে ‘শৃঙ্খলা ফিরিয়ে আনার’ দাবি তোলে তারা। তবে এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, এমনকি ড্রুজ সমাজের ভেতরেও বিভক্তি দেখা দেয়।
আরেক পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস’ বলছে, সহিংসতায় অন্তত ১৬৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে, সিরিয়ার নিরাপত্তা সংস্থাগুলোর হিসেবে মোট প্রাণহানির সংখ্যা প্রায় ৩০০।
এই পরিস্থিতিতে ইসরায়েল ‘ড্রুজদের রক্ষার’ অজুহাতে সিরিয়ার সেনা অবস্থানে বিমান হামলা চালায়, যাতে আরো ১৫ জন সরকারি সেনা নিহত হন। ইসরায়েল বলছে, তারা শুধু ড্রুজদের সুরক্ষা দিতে এবং সরকারপন্থি বাহিনীকে সুয়েইদা থেকে সরাতে এই হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার শহরটিতে আপাতত অস্থায়ী শান্তি বিরাজ করছিল বলে জানিয়েছে আল জাজিরা। শহর থেকে সরকারি বাহিনী সরে গেলেও স্থানীয় বাসিন্দারা জানায়, সেখানে লুটপাট, ধ্বংসযজ্ঞ এবং রাস্তায় লাশ পড়ে থাকার মতো করুণ দৃশ্য দেখা গেছে।
সিরিয়ার ড্রুজ সম্প্রদায় শিয়া ইসলাম থেকে উদ্ভূত একটি পৃথক ধর্মবিশ্বাস অনুসরণ করে এবং তারা সরাসরি অস্ত্র তুলে নিয়েছে সরকারের বিরুদ্ধে। সম্প্রদায়টির প্রভাবশালী নেতা শেইখ হিকমত আল-হাজরি সরকারপন্থি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের প্রদেশকে সরকারি বাহিনীর গ্যাংদের হাত থেকে সম্পূর্ণ মুক্ত না করা পর্যন্ত লড়াই চলবে।”
তিনি ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার চেষ্টায় রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ড্রুজ সম্প্রদায়ের আরেক অংশ সিরিয়ার নতুন ইসলামপন্থি সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাচ্ছে।
প্রসঙ্গত, ইসরায়েল ও দখলকৃত গোলান মালভূমিতেও ড্রুজদের একটি বড় জনগোষ্ঠী রয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “ইসরায়েল নিজের স্বার্থ রক্ষায় বলপ্রয়োগ অব্যাহত রাখবে। আমরা সিরিয়ার দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীর অনুপ্রবেশ মেনে নেব না, আর ড্রুজদের ক্ষতিগ্রস্ত হতেও দেব না।”

