যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পায়ে ফোলাভাব এবং হাতে কালশিটে দাগ দেখা দেওয়ার পর চিকিৎসকরা তার শরীরে দীর্ঘমেয়াদি শিরাজনিত রক্তপ্রবাহে বাধা বা ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ রোগ শনাক্ত করেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, এটি সাধারণ ও ক্ষতিকর নয় এমন একটি অবস্থা, যেখানে শিরার ক্ষতির কারণে রক্ত স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। তিনি প্রেসিডেন্টের চিকিৎসকের একটি চিঠি পড়ে শোনান, যেখানে বলা হয়েছে- এই রোগের প্রবণতা বয়স্কদের মধ্যে বেশি দেখা যায়।
৭৯ বছর বয়সে দায়িত্ব নেওয়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট। অথচ নির্বাচনের সময় তিনি বারবার তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বয়স এবং মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পরে বাইডেন দলীয় চাপের মুখে প্রার্থীতা থেকে সরে দাঁড়ান এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হাতে মনোনয়ন তুলে দেন। শেষ পর্যন্ত ২০২৪ সালের নির্বাচনে হ্যারিসকে হারিয়ে দেন ট্রাম্প।
সম্প্রতি ট্রাম্পের হাতে কালশিটে দাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে। এ বিষয়ে লেভিট বলেন, “দাগগুলো সাধারণ সফট টিস্যুতে সামান্য রক্তক্ষরণ বা জ্বালার কারণে হয়েছে, যা ঘন ঘন হাত মেলানো এবং প্রতিদিন অ্যাসপিরিন গ্রহণের ফলে হয়েছে।” প্রেসিডেন্টের হৃদযন্ত্র সুরক্ষায় নিয়মিত অ্যাসপিরিন সেবনের কথাও জানান তিনি।
তবে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের শরীরে গুরুতর কোনো স্বাস্থ্য জটিলতা নেই। তার হার্ট, কিডনি এবং অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে। হৃদযন্ত্র বা শিরায় রক্ত জমাট বাঁধারও কোনো লক্ষণ দেখা যায়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টদের জন্য স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ বাধ্যতামূলক না হলেও এটি একরকম প্রচলিত রীতি হয়ে উঠেছে। ২০১৫ সালে ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক হ্যারল্ড বর্নস্টেইন এক চিঠিতে বলেছিলেন, “আমি নিঃসংশয়ে বলতে পারি, ট্রাম্প হচ্ছেন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে যাওয়া ইতিহাসের সবচেয়ে স্বাস্থ্যবান ব্যক্তি।” তবে পরে সিএনএন-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, সেই চিঠির বর্ণনা ট্রাম্প নিজেই লিখে দিয়েছিলেন।

