তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান বলেছেন, সিরিয়াকে বিভক্ত করার যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে এবং দেশটির অখণ্ডতা রক্ষায় তুরস্ক দৃঢ়প্রতিজ্ঞ। একইসঙ্গে ইসরায়েলকে ‘রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেসিডেন্ট এরদোয়ান এসব কথা বলেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু তার বক্তব্যের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে।
এরদোয়ান বলেন, “গতকাল যেমন আমরা সিরিয়ার বিভাজনের বিরোধিতা করেছি, আজ এবং আগামীতেও তা করব। আমরা সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ।”
তিনি অভিযোগ করেন, সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েল হামলা চালাচ্ছে এবং দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত হিসেবে ব্যবহার করছে। এর মাধ্যমে দেশটিতে দস্যুবৃত্তির বিস্তার ঘটানো হচ্ছে।
তার ভাষায়, “ইসরায়েল একটি আইনভঙ্গকারী, উদ্ধত, নীতিহীন, অহংকারী, লুটেরা ও রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র। যারা এই রাষ্ট্রের ওপর ভরসা করছে, তারা অচিরেই অনুধাবন করবে যে তারা মারাত্মক ভুল করেছে।”
এরদোয়ান বলেন, “সিরিয়ার স্থিতিশীলতা কেবল দেশটির জন্য নয়, বরং আশপাশের প্রতিটি দেশের জন্যও গুরুত্বপূর্ণ। যদি দেশটি আরো অস্থিতিশীল হয়, তবে তার পরিণতি সবাইকে ভোগ করতে হবে।”
তিনি আরও বলেন, “যারা দমন-পীড়ন ও হত্যাযজ্ঞের মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তারা ভুলে গেলে চলবে না- তারা এখানে অতিথি কিন্তু আমরা এই ভূমির প্রকৃত অধিবাসী।”
এরদোয়ান জানান, সিরিয়ার পরিস্থিতি তুরস্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। তুরস্কের মূল নীতি হলো- সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য, একক রাষ্ট্র কাঠামো ও বহুসাংস্কৃতিক পরিচয় রক্ষা করা।
তিনি বলেন, “আমরা সম্মানজনক পররাষ্ট্রনীতি, শান্তিপূর্ণ উদ্যোগ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সবসময় শান্তির পক্ষে আছি। আমরা কারও প্রতি বিদ্বেষ, ঈর্ষা বা শত্রুতা পোষণ করি না। কারও অধিকার বা সার্বভৌমত্বেও হস্তক্ষেপ করি না। আমরা শুধু শান্তি চাই।”

