ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ভয়াবহ বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে নালন্দা জেলায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে এনডিটিভি এক প্রতিবেদনে ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টার ব্যবধানে বজ্রপাতের ঘটনায় বিহারের অন্তত ১০টি জেলায় প্রাণহানির ঘটনা ঘটে। নালন্দা জেলায় সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। এরপর ভৈরালি জেলায় ৪ জন, পাটনা ও বাঁকা জেলায় ২ জন করে এবং শেখপুরা, নওয়াদা, জেহানাবাদ, আওরঙ্গাবাদ, জামুই ও সমস্তিপুর জেলায় একজন করে নিহত হয়েছেন।
বজ্রপাতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নিহত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সেইসঙ্গে মুখ্যমন্ত্রী দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় সকলকে সতর্ক থাকার এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানান।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে বিহারে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকায় নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

