ইরাকের আল-কুত শহরে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ বৃহস্পতিবার স্থানীয় গভর্নরের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে। অগ্নিকাণ্ডের পর থেকে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারে রাতভর অভিযান চালিয়ে গেছে উদ্ধারকারী দল।
প্রাথমিক তদন্তের বরাতে জানা গেছে, শপিং মলটির প্রথম তলায় একটি এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। অনেকেই সময়মতো বের হতে না পারায় হতাহতের সংখ্যা এতটা বেড়ে যায়। আগুন লাগার সময় মলে শতাধিক মানুষ ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ৪৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও ধ্বংসস্তূপে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। ফরেনসিক দল মৃতদেহগুলো শনাক্ত করতে কাজ করছে, যেগুলোর অনেকগুলো আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতাল ও মর্গে নিখোঁজ স্বজনদের খোঁজে ভিড় করছেন মানুষজন। ৫১ বছর বয়সী আলী কাজিম রয়টার্সকে জানিয়েছেন, এই ঘটনায় তার চাচাতো ভাই, ভাইয়ের স্ত্রী ও তিন সন্তান নিখোঁজ রয়েছেন। তিনি মরিয়া হয়ে হাসপাতাল ও ধ্বংসস্তূপের চারপাশে তাদের খুঁজে বেড়াচ্ছেন।
প্রাথমিকভাবে এসি বিস্ফোরণকে কারণ হিসেবে চিহ্নিত করা হলেও, স্থানীয় প্রশাসন জানিয়েছে—নিরাপত্তা অব্যবস্থা, ভবনের গাফিলতি বা ত্রুটিপূর্ণ নির্মাণ ইত্যাদি দিক খতিয়ে দেখতে পুরোদমে তদন্ত চলছে। ভবনটির আগুন প্রতিরোধ ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর আল-কুত শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শহরের মানুষজন এই মর্মান্তিক দুর্ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়েছেন, তবে আগুনের ভয়াবহতা ছিল এতটাই বেশি যে, অনেকেরই বাঁচার আর সুযোগ হয়নি।

