পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী নেতা ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির দাবি, ইমরানকে অমানবিক পরিস্থিতিতে আটকে রাখা হয়েছে এবং আদালতের নির্দেশনাও উপেক্ষা করা হচ্ছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম জানান, ইমরান খানকে দিনে ২২ ঘণ্টা একা একটি কক্ষে আটকে রাখা হচ্ছে, যেখানে তাকে টেলিভিশন, পত্রিকা বা বই পড়ার অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকি তার আইনজীবী ও নিকট আত্মীয়দের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না।
আকরাম বলেন, “এই পরিস্থিতি এক ধরনের মানসিক নির্যাতন ও মৌলিক মানবাধিকার লঙ্ঘনের নামান্তর।” তার অভিযোগ, আদালতের নির্দেশ অনুসারে ইমরান খানের ছয়জন নির্ধারিত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করার অধিকার থাকলেও সেটি লঙ্ঘন করা হচ্ছে। তিনি বলেন, “এটা আদালত অবমাননার শামিল।”
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ইমরানের স্ত্রী বুশরা বিবিকেও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং ইমরানের বোন আলিমা খানও তার সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন না।
পিটিআই মুখপাত্র প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করে বলেন, “আদালতের আদেশ যেভাবে উপেক্ষা করা হচ্ছে, তাতে বিচার বিভাগের মর্যাদাই ক্ষুণ্ন হচ্ছে না বরং দেশের পুরো বিচারব্যবস্থাকে উপহাস করা হচ্ছে।”
শেখ ওয়াকাস আরো দাবি করেন, কারাগারে বন্দি পিটিআই নেতাদের স্বাস্থ্যের অবনতি ঘটছে এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। তার ভাষায়, সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।
অর্থনৈতিক ইস্যুতে সরকারকে আক্রমণ করে তিনি বলেন, গত ১৫ মাসে পেট্রোলের দাম ৮২ শতাংশ বেড়েছে, যেখানে পিটিআই সরকারের সময় মাত্র ৫১ রুপি বাড়ানো হয়েছিল। তার অভিযোগ, “বর্তমান সরকার ভর্তুকি তুলে পেট্রোলের দাম ২২০ রুপিতে নিয়ে গেছে।”

