ভিসা প্রক্রিয়ায় জালিয়াতি বা তথ্য গোপনের চেষ্টা করলে প্রার্থীর বিরুদ্ধে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে। এমনকি তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের হতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস।
শুক্রবার (১৮ জুলাই) দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়, “এই গল্প আমরা আগেও শুনেছি”, অর্থাৎ জালিয়াতির নানা রূপ সম্পর্কে কনস্যুলার অফিসাররা অভিজ্ঞ। তারা প্রতারণার কৌশল ও ভুয়া নথিপত্র তৈরির প্রযুক্তি সম্পর্কে সবসময় অবগত থাকেন।
সতর্কবার্তায় আরো বলা হয়, ভিসা প্রক্রিয়ায় সঠিক তথ্য প্রদান এবং স্বচ্ছতা বজায় রাখা আবেদনকারীর দায়িত্ব। তথ্য গোপন করা বা ভুয়া নথি জমা দেওয়া গুরুতর অপরাধ, যা আবেদনকারীর ভবিষ্যতের ভ্রমণ ও অভিবাসনের সুযোগকে চিরতরে নষ্ট করে দিতে পারে।
দূতাবাসের ফেসবুক পোস্টে আবেদনকারীদের প্রতারক বা দালালের আশ্রয় না নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, “নিজের তথ্য নিজেই সঠিকভাবে দাখিল করাই নিরাপদ উপায়।”

