পৃথিবীর সবচেয়ে প্রাচীন বরফ, যার বয়স ১৫ লাখ বছরেরও বেশি হতে পারে, অ্যান্টার্কটিকা থেকে উত্তোলনের পর যুক্তরাজ্যে পৌঁছেছে। এই বরফ গলিয়ে গবেষকরা জানতে পারবেন হাজার হাজার বছরের পুরনো জলবায়ু সম্পর্কিত তথ্য- যেমন: ধুলিকণা, আগ্নেয় ছাই, সামুদ্রিক শৈবাল ও বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা।
এই বরফের সিলিন্ডার আকৃতির স্বচ্ছ খণ্ডগুলো অ্যান্টার্কটিকার গভীর বরফস্তর থেকে ড্রিল করে সংগ্রহ করা হয়। প্রতিটি খণ্ডে রয়েছে এমন সময়ের জলবায়ুর ছাপ, যা হয়তো মানব ইতিহাসের বহু আগে পৃথিবীতে বিরাজ করেছিল।
গবেষণা শুরু হয়েছে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের ক্যামব্রিজ ল্যাবে। বরফ রাখা হয়েছে -২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিশেষ ফ্রিজারে। নিরাপত্তার কারণে এই ফ্রিজারে টানা ১৫ মিনিটের বেশি কেউ থাকতে পারেন না। সেখানে প্রবেশ করতে হয় গা ঢাকা দেওয়া প্যাডেড ওভারঅল, টুপি, গ্লাভস ও পুরু বুট পরে।
ফ্রিজার রুমে ড. লিজ থমাস সাংবাদিকদের দেখিয়েছেন পৃথিবীর সবচেয়ে পুরনো বরফ কোর। তিনি বলেন, বরফ এতটাই স্বচ্ছ যে তার ভেতর দিয়ে হাত দেখা যায়- ঠিক কাঁচের মতো। বরফগুলো ধীরে ধীরে গলিয়ে সাত সপ্তাহ ধরে সংগ্রহ করা হবে প্রাচীন ধুলিকণা, শৈবাল, আগ্নেয় ছাই ও বাতাসের গ্যাসের নমুনা। এতে বোঝা যাবে সেই যুগের বাতাসের গতি, তাপমাত্রা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা।
বরফ গলে তৈরি হওয়া তরল নমুনা পাঠানো হবে পাশের ল্যাবরেটরিতে, যেখানে বিশেষায়িত যন্ত্রে বিশ্লেষণ করা হবে। বিশ্বে এমন গবেষণাগার হাতে গোনা কয়েকটি।
এই বরফ সংগ্রহ ছিল একটি বড় পরিসরের আন্তর্জাতিক প্রকল্প, যাতে খরচ হয়েছে কোটি কোটি টাকা। বরফকে ১ মিটার দৈর্ঘ্যের ব্লকে কেটে প্রথমে নৌপথে আনা হয়, এরপর ঠান্ডা ভ্যানে করে পৌঁছানো হয় কেমব্রিজে। প্রকৌশলী জেমস ভিয়েল এই অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
জার্মানি ও সুইজারল্যান্ডের গবেষণা প্রতিষ্ঠানও বরফ কোরের অংশ পেয়েছে।
ড. থমাস আশা করছেন, এই বরফের মধ্য থেকে এমন প্রমাণ মিলতে পারে যা দেখাবে- ৮ লাখ বছরেরও বেশি আগে বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বর্তমানের সমান বা তার চেয়েও বেশি ছিল। বর্তমান সময়ের সঙ্গে তুলনা করলে দেখা যাবে, তখন গ্যাস বৃদ্ধির প্রক্রিয়া ছিল ধীরগতির, কিন্তু আজকের হঠাৎ বেড়ে যাওয়া মাত্রার জন্য দায়ী মানুষ নিজেই।
তিনি বলেন, “জলবায়ু ব্যবস্থা ইতিহাসে নানা পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এসব প্রক্রিয়া বুঝতে হলে আমাদের অতীতের বহু গভীরে ফিরে যেতে হবে।” বিজ্ঞানীদের মতে, বরফের গভীরে থাকা তথ্য ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা দিতে পারে।

