ইয়েমেনে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড বহাল রাখতে অনড় অবস্থানে রয়েছে নিহত ইয়েমেনি নাগরিক তালাল আব্দো মাহদির পরিবার। তাদের দাবি, ‘কিসাস’- অর্থাৎ শরিয়া আইনে নির্ধারিত বদলা ছাড়া অন্য কোনো শাস্তি তারা মেনে নেবে না। ফলে আপাতত মৃত্যুদণ্ড স্থগিত হলেও নিমিশার মুক্তির সম্ভাবনা ক্ষীণ।
এক সাক্ষাৎকারে নিহতের ভাই আব্দেলফাতাহ মাহদি বলেন, “আমাদের অবস্থান স্পষ্ট- প্রতিশোধমূলক ন্যায়বিচার ছাড়া অন্য কিছু আমরা মানি না। আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে।” সূত্র: বিবিসি
তিনি অভিযোগ করেন, ভারতীয় গণমাধ্যমে নিমিশা প্রিয়াকে ‘অপরাধের শিকার’ হিসেবে তুলে ধরা হচ্ছে, যা হত্যাকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা। তার দাবি, দেহ টুকরো করে লুকিয়ে রাখা হয়েছিল- এটি ভয়াবহ ও সুস্পষ্ট অপরাধ।
এর আগে নিমিশা প্রিয়ার সমর্থকরা ক্ষতিপূরণ হিসেবে নিহত পরিবারকে ১০ লাখ মার্কিন ডলার অফার করেন, তবে মাহদির পরিবার তাতে সাড়া দেয়নি। মাহদি বলেন, “আমরা রক্ত নিয়ে ব্যবসা করি না। মৃত্যুদণ্ড ছাড়া কোনো সমঝোতা নয়।”

ভারত সরকারের অবস্থান-
ভারত সরকার বলছে, তারা নিমিশা প্রিয়ার পরিবারকে আইনি সহায়তা দিচ্ছে, কূটনৈতিক প্রচেষ্টাও চালাচ্ছে। তবে ইয়েমেনে ভারতের প্রভাব তুলনামূলক দুর্বল হওয়ায় সমাধান পেতে সময় লাগছে।
কী ঘটেছিল?
কেরালার বাসিন্দা নার্স নিমিশা প্রিয়া ২০০৮ সালে ইয়েমেন যান। ২০১৭ সালে তার ব্যবসায়িক অংশীদার মাহদির দেহ টুকরো অবস্থায় পাওয়া যায় জলের ট্যাংকে। অভিযোগ, ঘুমের ওষুধ দিয়ে অচেতন করে হত্যা করেন তিনি। যদিও নিমিশা বলেন, তার উদ্দেশ্য ছিল পাসপোর্ট উদ্ধার, মাহদিকে হত্যা নয়।
স্থানীয় আদালত ২০২০ সালে নিমিশাকে মৃত্যুদণ্ড দেন। ২০২৩ সালে দেশটির সর্বোচ্চ আদালতও আপিল খারিজ করে। ইয়েমেনের হুথি বিদ্রোহী প্রশাসনের অনুমোদনের পর মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হলেও আপাতত তা স্থগিত রয়েছে।

‘কিসাস’ কী?
ইসলামি আইন অনুযায়ী ‘কিসাস’ মানে হচ্ছে অপরাধের সমপরিমাণ শাস্তি- প্রাণের বদলে প্রাণ। তবে পরিবার চাইলে ক্ষমা করে ‘ব্লাড মানি’র বিনিময়ে সাজা মওকুফ করতে পারে। তবে মাহদি পরিবার সেই ক্ষমা দিতে নারাজ।
শেষ ভরসা মানবতা-
এখনও ইয়েমেনে অবস্থান করছেন নিমিশার মা, মেয়ের প্রাণ রক্ষায় বছরের পর বছর লড়ছেন। তৈরি হয়েছে ‘সেইভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল’, যারা আন্তর্জাতিকভাবে অর্থ ও সহানুভূতি সংগ্রহ করছে। তবে মাহদি পরিবারের অনড় মনোভাবের কারণে শেষ পর্যন্ত কী হয়, সেটিই এখন দেখার বিষয়।

