পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আজিজখেল ও মান্দিখেল সীমান্ত এলাকা থেকে আত্মঘাতী হামলার প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার বিকেলে সীমান্ত পার হওয়ার সময় তাদের আটক করা হয় বলে জানায় সরকারি সূত্র।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত সবাই আফগান নাগরিক। তাদের মধ্যে তিনজনের কাছে আফগান জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তারা পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ডাকে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করে।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, পাকিস্তানে প্রবেশের উদ্দেশ্য ছিল আত্মঘাতী বোমা হামলা চালানো। এ সংক্রান্ত প্রশিক্ষণও তারা ইতিপূর্বে গ্রহণ করেছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে। তাদের নাম প্রকাশ করা হয়নি। এক কর্মকর্তা জানিয়েছেন, পাঁচজনকে সীমান্ত পার হওয়ার পর বেসি খেল গ্রামে সমবেত হওয়ার নির্দেশনা দিয়েছিল টিটিপি। গোপন সূত্রে তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী সেখানে প্রস্তুতি নেয়। উপস্থিতি টের পেয়ে তারা নিকটবর্তী একটি মসজিদে আশ্রয় নেয়। পরে বাহিনীর আহ্বানে তারা আত্মসমর্পণ করে।
আটককৃতদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে সহিংস রাজ্যগুলোর একটি। খাইবার পাখতুনখোয়া টিটিপির ঘাঁটি হিসেবে পরিচিত, আর বেলুচিস্তানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) দীর্ঘদিন ধরে পাকিস্তানবিরোধী তৎপরতায় লিপ্ত।
২০২১ সাল থেকে দেশটিতে সন্ত্রাসবাদের উল্লম্ফন পরিলক্ষিত হচ্ছে। ২০২৪ সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা ছিল ৪৪টি, যা গত এক দশকে সর্বোচ্চ এবং পূর্ববর্তী বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি। ওই বছর হামলায় নিহত হন ৬৮৫ সেনা সদস্য ও ৯২৭ জন বেসামরিক নাগরিক। অপরদিকে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে ৯৩৪ জন জঙ্গি।

