ভারতীয় ও ভারতের সঙ্গে সম্পর্কিত সব ধরনের উড়োজাহাজের জন্য আকাশসীমা ব্যবহারে পাকিস্তানের নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক মাস বাড়ানো হয়েছে। পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ) গতকাল শুক্রবার এক নোটিশে এই সিদ্ধান্ত জানায়।
নোটিশে বলা হয়, এই নিষেধাজ্ঞা আগামী ২৪ আগস্ট (ভারতীয় সময় অনুযায়ী ভোর ৫টা ১৯ মিনিট পর্যন্ত) কার্যকর থাকবে। নিষেধাজ্ঞা চলাকালীন ভারত অথবা ভারতের সঙ্গে সম্পর্কিত কোনো সামরিক, বেসামরিক কিংবা অন্য কোনো ধরনের উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গত ২৪ এপ্রিল থেকে পাকিস্তান ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করে। এর পেছনে রয়েছে জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে সংঘটিত একটি জঙ্গি হামলা, যাতে ২৫ জন ভারতীয় পর্যটক নিহত হন। এই ঘটনার পরপরই ভারত সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি স্থগিত করে, যার পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান এই নিষেধাজ্ঞা জারি করে।
নিষেধাজ্ঞা জারির পর একাধিকবার তার মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। সর্বশেষ মেয়াদ ছিল ২৩ জুলাই পর্যন্ত, যা শুক্রবার নতুন করে বাড়িয়ে ২৪ আগস্ট পর্যন্ত করা হয়।
অন্যদিকে, পাকিস্তানের নিষেধাজ্ঞার জবাবে ভারতও গত ৩০ এপ্রিল পাকিস্তান এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কিত সব ধরনের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করে। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আগামী ২৪ জুলাই। তবে ভারত এখনও এই নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি এবং পিএএ-এর সর্বশেষ নোটিশ সম্পর্কেও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

