ইসরায়েলি বাহিনীর টানা বোমা বর্ষণে নতুন করে রক্তাক্ত হলো গাজা। শুক্রবার একদিনেই নিহত হয়েছেন অন্তত ৪১ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরো অন্তত ১১০ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে গাজায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৬৭ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ হামলাটি হয় শুক্রবার দিনভর গাজা উপত্যকার বিভিন্ন স্থানে, যেখানে ইসরায়েলি বিমান বাহিনী ব্যাপক গোলাবর্ষণ চালায়। সন্ধ্যার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে জানানো হয়, শুধু এদিনেই প্রাণ হারিয়েছেন ৪১ জন, যা চলমান সহিংসতার ভয়াবহতাকেই আরও একবার সামনে আনল।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলমান অভিযানে আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জন ফিলিস্তিনি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ভেতরে ঢুকে অতর্কিত হামলা চালায়। এতে প্রাণ হারান প্রায় ১ হাজার ২০০ জন এবং ২৫১ জনকে জিম্মি করে ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয়। ওই হামলার জবাবে ইসরায়েল গাজায় বড় পরিসরের সামরিক অভিযান শুরু করে। প্রথম দফায় প্রায় ১৫ মাসব্যাপী চলে অবিরাম হামলা।
মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল কিন্তু তা স্থায়ী হয়নি। গত ১৮ মার্চ থেকে ফের শুরু হয় দ্বিতীয় দফার হামলা। এই দফায় গত আড়াই মাসে গাজায় প্রাণ হারিয়েছেন আরও ৭ হাজার ৮৪৩ জন এবং আহত হয়েছেন প্রায় ২৮ হাজার মানুষ।
হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত আছেন বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা সামরিক অভিযানের মাধ্যমেই জিম্মিদের উদ্ধারে বদ্ধপরিকর।
এদিকে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের একাধিকবার যুদ্ধ বন্ধের আহ্বান উপেক্ষা করে যাচ্ছে ইসরায়েল। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে ইতোমধ্যে গণহত্যার অভিযোগে মামলা করা হয়েছে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে।

