ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮তম দফার নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, রাশিয়ার অর্থনীতি টিকে থাকবে এবং ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া হবে।
শনিবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে মেদভেদেভ জানান, “আমাদের অর্থনীতি নিশ্চয়ই টিকে থাকবে এবং ইউক্রেনীয় সেনাদের ছত্রভঙ্গ ও পরাজিত করার কাজ চলবে। অদূর ভবিষ্যতে কিয়েভসহ ইউক্রেনজুড়ে হামলার মাত্রা আরও বাড়ানো হবে।”
তিনি আরও বলেন, “শুধু তাই নয়, মস্কোর উচিত রাজনৈতিকভাবেও ইইউ’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং এই জোট থেকে দূরে থাকা।”
গত সপ্তাহে ইইউ তাদের ১৮তম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করে। ইইউ পররাষ্ট্রবিষয়ক দপ্তরের শীর্ষ কর্মকর্তা কাজা কালাস এই নিষেধাজ্ঞার নেতৃত্ব দেন। এই প্যাকেজে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড, ২২টি রুশ ব্যাংক এবং ইউরোপীয় ব্যাংকগুলোর মধ্যে আর্থিক লেনদেন নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন ব্যবহারের উপরেও।
রাশিয়া ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করত ওই পাইপলাইনের মাধ্যমে, তবে ২০২২ সালে এক গুপ্ত হামলায় পাইপলাইনে গুরুতর ক্ষতি হয়। এরপর থেকে সেটি আর ব্যবহৃত হয়নি।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী, এই দীর্ঘ যুদ্ধের ফলে এখন পর্যন্ত প্রায় ১২ লাখ মানুষ হতাহত হয়েছেন।

