বাংলাদেশ ও পাকিস্তান একই ইতিহাস ও সংস্কৃতির শেকড়ে প্রোথিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ। তিনি বলেছেন, শিল্প ও ডিজিটাল দক্ষতা উন্নয়নে পাঞ্জাব সরকার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহী এবং এ জন্য উন্মুক্ত।
শুক্রবার লাহোরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। সামা টিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, শিল্প ও কৃষি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়।
বৈঠকে মরিয়ম বাংলাদেশের পোশাক শিল্প, ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, পাঞ্জাব প্রদেশ বাংলাদেশের সঙ্গে যৌথভাবে শিল্প ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধি করতে চায়। উল্লেখ করেন, ২০২৫ সালের জানুয়ারিতে পাঞ্জাব থেকে বাংলাদেশে ৫০ হাজার টন উন্নতমানের চাল রপ্তানি করা হয়েছে।

তিনি আরো বলেন, পাঞ্জাব থেকে বাংলাদেশে বিশ্বমানের ল্যাবরেটরি যন্ত্রপাতি, অস্ত্রোপচারের সরঞ্জাম ও চিকিৎসা উপকরণ রপ্তানি সম্ভব। একইসঙ্গে লাহোর ও ঢাকায় পাকিস্তান-বাংলাদেশ জয়েন্ট চেম্বার অব কমার্স প্রতিষ্ঠারও পক্ষেও মত দেন তিনি।
ভিসা প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়ে মরিয়ম একে পারস্পরিক আস্থার প্রতিফলন হিসেবে বর্ণনা করেন। এ ছাড়া তিনি বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাসও দেন।
তিনি আরো জানান, পাঞ্জাব বাংলাদেশ সরকারের ‘ভিশন-২০৩০’ উদ্যোগের অধীনে ‘প্রথম নারী’ সম্মেলনে অংশগ্রহণের জন্য আগ্রহী। বৈঠকে বাংলাদেশের হাইকমিশনার মরিয়ম নওয়াজের সামাজিক ও উন্নয়নমূলক পদক্ষেপের প্রশংসা করেন।

