গাজায় আর কোনো অস্থায়ী যুদ্ধবিরতি সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। গোষ্ঠীটির মুখপাত্র আবু উবেইদা শুক্রবার এক টেলিভিশন ভাষণে বলেন, গাজাবাসী কেবল স্থায়ী যুদ্ধবিরতি চায়, আর সে পথে না এগোলে কোনো সাময়িক বিরতির অর্থ নেই।
আবু উবেইদা বলেন, “হামাস এরই মধ্যে একাধিকবার সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে স্থায়ী যুদ্ধবিরতির শর্তে। কিন্তু প্রতিবারই ইসরায়েল সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গাজার জনগণ একটি স্থায়ী সমাধান চায়। অস্থায়ী কোনো বিরতি যার লক্ষ্য স্থায়ী যুদ্ধবিরতি নয়, তা আর এখানে চলবে না।”
চলতি জুলাইয়ের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাস ও ইসরায়েল এবং মধ্যস্থতাকারী মিসর ও কাতারের কাছে ৬০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাঠান। সেই খসড়া অনুযায়ী, যুদ্ধবিরতির সময় হামাস ১০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেবে ও ১৮ জন মৃত জিম্মির মরদেহ ফেরত দেবে। বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে কয়েকজন ফিলিস্তিনি বন্দিকে এবং গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের সুযোগ বাড়ানো হবে।
প্রথমে ট্রাম্পের প্রস্তাবে সম্মতি দিলেও হামাস পরে তা প্রত্যাখ্যান করে। গোষ্ঠীটির অভিযোগ, অতীতেও এমন বিরতির সময় ইসরায়েল একাধিকবার শর্ত ভেঙে হামলা চালিয়েছে, ফলে এই বিরতির বাস্তব কোনো কার্যকারিতা নেই।
আবু উবেইদা বলেন, “যদি শত্রুপক্ষ আগের মতোই একগুঁয়ে অবস্থান নেয় এবং আবারো চুক্তিভঙ্গের প্রস্তুতি নেয়, তাহলে আমরা অস্থায়ী চুক্তিতে যাব না। ১০ জন বন্দিকে মুক্তি দেওয়ার কোনো প্রতিশ্রুতিও দেওয়া সম্ভব হবে না।”
অন্যদিকে শুক্রবার খ্রিস্টান ধর্মগুরু পোপ লিও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন এবং গাজায় যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানান। জবাবে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ট্রাম্পের প্রস্তাব সমর্থন করে এবং তা কার্যকর করতে চায়, তবে হামাস এখনও কোনো ইতিবাচক সাড়া দেয়নি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলায় ইসরায়েলের ভেতরে ১২০০ জন নিহত হন এবং ২৫০ জন জিম্মি হয়ে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই ইসরায়েলি বাহিনী গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে। চলমান অভিযানে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৮ হাজার ৭০০ জন, আহত হয়েছেন প্রায় ১ লাখ ৪০ হাজার।
২০২৩ সালের ডিসেম্বরে ও ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি দুই দফায় অস্থায়ী যুদ্ধবিরতি হলেও দুইবারই সময় শেষ হওয়ার আগেই ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে হামলা চালায় বলে হামাসের অভিযোগ।

