ইরানে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় গোরগান শহরের একটি কারাগারে এই সাজা কার্যকর হয় বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।
ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিচার বিভাগ এক বিবৃতিতে জানায়, ধর্ষণের দায়ে অভিযুক্তদের সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে এবং তা শনিবার সকালে কার্যকর হয়। গোরগানের স্থানীয় বিচারপ্রধান হায়দার আসিয়াবি বলেন, তিনজনের একটি ধর্ষকচক্র তিন নারীর ওপর যৌন নির্যাতন চালায়। এরপর দ্রুত তাদের গ্রেপ্তার করা হয়। তবে অভিযুক্তদের পরিচয় বা ঘটনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।
ইরানে সাধারণত ভোরবেলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটির কারাগারেই বেশিরভাগ ফাঁসি কার্যকর হয়। তবে চলতি মাসের শুরুর দিকে ব্যতিক্রমীভাবে এক ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়। ওই ঘটনার পর দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ইরানে ধর্ষণ ও হত্যাকে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। মৃত্যুদণ্ড কার্যকরে চীনের পর বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি।

