উত্তর ভিয়েতনামের কোয়াং নিন প্রদেশের বিখ্যাত হা লং উপসাগরে ভয়াবহ এক বজ্রঝড়ে ডুবে গেছে একটি পর্যটকবাহী ক্রুজ জাহাজ। প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন। এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
শনিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। চীনের সংবাদমাধ্যম সিজিটিএনের বরাত দিয়ে জানা গেছে, বজ্রসহ হঠাৎ করে শুরু হওয়া প্রবল ঝড়ের কিছুক্ষণ পরেই জাহাজটি পানিতে তলিয়ে যায়।
দুর্ঘটনার সময় জাহাজটিতে মোট ৫৩ জন ছিলেন, যার মধ্যে ৪৮ জন যাত্রী এবং ৫ জন ক্রু। যাত্রীদের মধ্যে নারী ও শিশুও ছিলেন, এবং বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে ঘুরতে এসেছিলেন।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হা লং বে প্রতি বছর হাজারো পর্যটককে আকর্ষণ করে। তবে এ ধরনের প্রাণঘাতী ঘটনা পর্যটন নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। স্থানীয় উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। নিখোঁজদের সন্ধানে এখনো অভিযান চলছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো অঞ্চলে। দেশজুড়ে চলছে শোক ও সহানুভূতির বার্তা।

