তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে (স্থানীয় নাম ইয়ারলুং সাংপো) বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ শুরু করেছে চীন। শনিবার (১৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই মেগা-ড্যাম প্রকল্পের কাজ উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
গত বছর ডিসেম্বরে চীন এ প্রকল্পের অনুমোদন দেয়। লক্ষ্য—তিব্বতের অর্থনৈতিক উন্নয়ন এবং কার্বন নিরপেক্ষতা অর্জন। নির্মাণ সম্পন্ন হলে এটি বিদ্যুৎ উৎপাদনে থ্রি গর্জেস ড্যামকে ছাড়িয়ে যেতে পারে, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার)। পাঁচটি হাইড্রোপাওয়ার স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। উৎপাদিত বিদ্যুৎ চীনের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি তিব্বতের চাহিদাও পূরণ করবে।
ব্রহ্মপুত্র নদ ভারত ও বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্তঃসীমান্ত নদী। ফলে চীনের উজানে এমন বিশাল ড্যাম নির্মাণ দুই দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “আমাদের স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।” পাশাপাশি চীনকে আহ্বান জানানো হয়েছে—নদীর ভাটির দেশগুলোর স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয়।
চীন অবশ্য দাবি করছে, এই প্রকল্প ভাটির দিকে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এবং তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। তবে পরিবেশবিদ ও আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, পরিবেশগতভাবে সংবেদনশীল তিব্বতে এমন মেগা প্রকল্প অপূরণীয় ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে। চীনের হোহাই বিশ্ববিদ্যালয় এবং পানি মন্ত্রণালয়ের একটি যৌথ গবেষণায় দাবি করা হয়েছে, এ ধরনের ড্যাম বরং শুষ্ক মৌসুমে পানি বাড়ায় এবং বর্ষায় বন্যার ঝুঁকি কমায়।
২০১৪ সাল থেকে জ্যাংমু ও জিয়াচা নামে দুটি ড্যাম নিয়ে বিশ্লেষণে দেখা গেছে—শুকনো সময়ে পানির প্রবাহ ৫০ শতাংশ বেড়েছে এবং বর্ষাকালে কিছুটা চাপ কমেছে। তবে গবেষকেরা সতর্ক করছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীর আচরণ বদলাচ্ছে। হিমবাহ দ্রুত গলছে, পানি গরমকালে অতিরিক্ত উষ্ণ এবং শীতে অতিরিক্ত ঠান্ডা হয়ে উঠছে। এর ফলে মাছ ও জলজ প্রাণীর জীবনচক্রে বড় ধরনের প্রভাব পড়ছে।
তারা বলছেন, ইয়ারলুং সাংপো নদী শুধু শক্তি উৎপাদনের উৎস নয়, বরং এটি পরিবেশ ও জলবায়ু গবেষণার জন্যও গুরুত্বপূর্ণ। তাই এই অঞ্চলে পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে পরিবেশগত দিক বিবেচনায় নিতে হবে। নদীটি তিব্বতের কুইংহাই মালভূমি থেকে উৎপত্তি হয়ে ভারতের অরুণাচল প্রদেশে সিয়াং নামে প্রবেশ করে। পরে এটি আসামে ব্রহ্মপুত্র এবং বাংলাদেশে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশে যায়।
এই কারণে নদীটির ওপর চীনের যেকোনো পদক্ষেপ ভারত ও বাংলাদেশের জল নিরাপত্তা ও কৃষিনির্ভর জীবনের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে বর্ষায় অতিরিক্ত পানি ছাড়া এবং শুষ্ক মৌসুমে পানি আটকে রাখার ঝুঁকি নিয়ে উদ্বেগ বেড়েছে। ভারত আশঙ্কা করছে, হঠাৎ বাঁধ খুলে দেওয়া হলে ভয়াবহ বন্যা হতে পারে। আবার শুষ্ক মৌসুমে পানি আটকে রাখলে দেখা দিতে পারে পানির ঘাটতি। এর প্রভাব বাংলাদেশেও পড়বে।
গবেষকরা বলছেন, ইয়ারলুং সাংপো অববাহিকা শুধু এক দেশের সম্পদ নয়, এটি একটি আন্তঃদেশীয় নদী ব্যবস্থা। তাই নদী ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা, গবেষণা ও পরিবেশবান্ধব পরিকল্পনা অত্যন্ত জরুরি। বাংলাদেশ ও ভারতকে এই প্রকল্পের বিষয়ে কূটনৈতিকভাবে সক্রিয় থাকতে হবে এবং জলবায়ু ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করতে হবে।

