ইসরায়েল মার্চ মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি বাতিল করার পর থেকে গাজা উপত্যকায় একের পর এক শহর এবং আবাসিক এলাকা গুঁড়িয়ে দিচ্ছে। গত কয়েক সপ্তাহে হাজার হাজার ভবন পরিকল্পিত বিস্ফোরণে ধ্বংস করা হয়েছে। স্যাটেলাইট ছবি ও মাঠপর্যায়ের ভিডিও বিশ্লেষণ বলছে—এই ধ্বংসযজ্ঞ এখন আর কেবল বোমাবর্ষণের ফল নয়, বরং একপ্রকার কাঠামোগত ধ্বংস পরিকল্পনারই অংশ।
তথ্য যাচাইকারী সংস্থা ‘বিবিসি ভেরিফাই’-এর বিশ্লেষণে দেখা যায়, গাজার এমন অনেক এলাকা রয়েছে যেগুলোর ওপর ইসরায়েল এখন ‘সম্পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ’ দাবি করছে। এই এলাকাগুলোতেই সবচেয়ে বেশি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ভবন ধ্বংস করা হচ্ছে। অনেক ভবন ছিল আগেই আংশিক ক্ষতিগ্রস্ত, আবার অনেক জায়গা একেবারে অক্ষত থাকলেও সেগুলোকেও মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের এই ধ্বংসযজ্ঞ আন্তর্জাতিক মানবাধিকার আইনের মারাত্মক লঙ্ঘন, যা যুদ্ধাপরাধের শামিল হতে পারে। চতুর্থ জেনেভা কনভেনশন অনুযায়ী, কোন একটি শক্তি যদি কোনো ভূখণ্ড দখলে রাখে, তবে সেই এলাকা পরিচালনার দায়িত্ব থাকে দখলদারের ওপর এবং সেখানে বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করা বাধ্যতামূলক। অথচ, ইসরায়েল দখলকৃত অঞ্চলগুলোকে বসবাসের অনুপযুক্ত করে তুলছে বলে দাবি করেছেন অক্সফোর্ড ইন্সটিটিউটের অধ্যাপক জানিনা ডিল।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জুলাই মাসে ঘোষণা দেন, গাজার রাফাহ শহরের ধ্বংসস্তূপের ওপর ‘একটি মানবিক শহর’ গড়ে তোলা হবে, যেখানে প্রাথমিকভাবে ৬ লাখ ফিলিস্তিনিকে আটকে রাখা হবে। এ পরিকল্পনাকে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ অলমার্ট একে সরাসরি ‘ঘনিবদ্ধ বন্দিশিবির’ বা ‘কনসেনট্রেশন ক্যাম্প’ বলে উল্লেখ করেন।

স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, রাফাহর প্রায় সব ভবনই মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। শহরের কেন্দ্রস্থলগুলো ধ্বংস হলেও হাসপাতালসহ হাতে গোনা কয়েকটি ভবন এখনো দাঁড়িয়ে আছে। শহরের পাশেই সৌদি পাড়ায় ছিল গাজার সবচেয়ে বড় মসজিদ, বহু স্কুল ও আবাসিক ভবন—সবই এখন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
গাজার পূর্বে অবস্থিত খুজা’আ শহরটি ছিল এক সময় ১১ হাজার মানুষের আবাসস্থল এবং ছিল একটি কৃষিপ্রধান এলাকা। এখানে ইসরায়েলি সেনাবাহিনী ১২০০ ভবন ধ্বংস করেছে, যেগুলোকে তারা ‘সন্ত্রাসী অবকাঠামো’ হিসেবে উল্লেখ করেছে।
পাশেই থাকা আবাসান আল-কাবিরা শহরে যুদ্ধ শুরুর আগে প্রায় ২৭ হাজার মানুষ বসবাস করতেন। ৩৮ দিনের ব্যবধানে এখানে বিস্তীর্ণ এলাকা একেবারে গায়েব হয়ে গেছে।
এছাড়া কিজান আবু রাশওয়ান নামের একটি কৃষিপল্লি, যেটি সীমান্ত থেকে প্রায় ৭ কিমি ভেতরে অবস্থিত—সেখানেও ১৭ মে থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় প্রতিটি ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী গাজার বিভিন্ন অংশে “নিরাপত্তা করিডোর” তৈরি করেছে, যার মধ্যে রয়েছে ফিলাডেলফি করিডোর এবং মোরাগ করিডোর। এসব অঞ্চলের চারপাশের ভবন ধ্বংস করে একপ্রকার রূঢ় বাস্তবতার সৃষ্টি করা হচ্ছে—যাতে এলাকাগুলো আর বসবাসের উপযোগী না থাকে এবং ফিলিস্তিনিদের ফিরে যাওয়ার কোনো সুযোগ না থাকে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক গোপন বৈঠকে স্বীকারও করেন—”আমরা যত বেশি ঘরবাড়ি ধ্বংস করছি, ততই ওরা বুঝতে পারছে, আর ফেরার জায়গা নেই।”
ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল’ সেন্টারের আইনি বিশ্লেষক এইতান ডায়মন্ড জানান, “শুধু ভবিষ্যতে ভবনগুলো হয়তো ব্যবহার করা হবে এমন আশঙ্কায় এগুলো ধ্বংস করা আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ নয়।”

অ্যাডিল হক, যিনি কলেজের অধ্যাপক, তিনি মনে করেন, এসব ধ্বংস তৎপরতার পেছনে দীর্ঘমেয়াদি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে—যেমন ‘নিরাপত্তা অঞ্চল’ তৈরি করা বা গাজা থেকে ফিলিস্তিনিদের দেশান্তরে বাধ্য করা।
বিবিসি আরও খুঁজে পেয়েছে, গত মে মাস থেকে ইসরায়েলি ফেসবুক গ্রুপগুলোতে গাজার বিভিন্ন এলাকায় ভবন ধ্বংসে ঠিকাদার নিয়োগের বিজ্ঞাপন ছড়ানো হচ্ছে। এসব বিজ্ঞাপন থেকে স্পষ্ট, ধ্বংস কাজ একটি পরিকল্পিত এবং সংগঠিত কর্মসূচির অংশ।

একজন ঠিকাদারকে যখন ‘বিবিসি ভেরিফাই মন্তব্যের জন্য অনুরোধ করে, তিনি উত্তরে অকথ্য ভাষা ব্যবহার করে বলেন—“তোমার আর গাজার [এক্সপ্লিটিভ]।”

গাজার তেল আল-সুলতান এলাকার বাসিন্দা মোয়াতাজ ইউসুফ আহমেদ আল-আবসি বলেন, “যুদ্ধ শুরুর এক বছর আগে আমি নতুন বাসায় উঠেছিলাম। অনেক স্বপ্ন ছিল। সেই বাড়িটাই আজ ধ্বংস হয়ে গেছে। সব হারিয়ে এখন আমি নিঃস্ব, মাথা গোঁজার ঠাঁইটুকুও আর নেই।”
ইসরায়েল যা বলছে তা হচ্ছে ‘সামরিক প্রয়োজন’, কিন্তু বাস্তবচিত্র বলছে—পুরো একটি জনগোষ্ঠীর জীবনধারণের ভিত্তিটাই ভেঙে দেওয়া হচ্ছে। বাড়ি, স্কুল, হাসপাতাল, মসজিদ—সবকিছু উড়িয়ে দিয়ে গাজাকে এক মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছে। প্রশ্ন উঠছে—এই ধ্বংসের শেষ কোথায়? আর আন্তর্জাতিক সম্প্রদায় কবে চোখ খুলবে?
সূত্র: বিবিসি

