একটি দুর্ঘটনা জীবনের গল্প পুরো পাল্টে দিতে পারে। তেমনই এক ট্র্যাজেডির নাম—প্রিন্স আল-ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ। সৌদি আরবের এই রাজপুত্র মাত্র একটিবার দুর্ঘটনার শিকার হয়েছিলেন, তারপর প্রায় দুই দশক কেটে গেছে কোমায়। শেষ পর্যন্ত সেই দীর্ঘ নিস্তব্ধতার মধ্যেই বিদায় নিলেন তিনি।
গতকাল শনিবার (স্থানীয় সময়) সৌদি আরবের রয়েল কোর্ট সংবাদ সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’-র মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সোশ্যাল মিডিয়াতেও বাবার আবেগঘন বার্তার মাধ্যমে জানাজানি হয় ‘ঘুমন্ত রাজকুমার’-এর জীবনের শেষ অধ্যায়।
২০০৫ সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন যুবরাজ আল-ওয়ালিদ। মাথায় গুরুতর আঘাত পেয়ে কোমায় চলে যান। সেই থেকে শুরু হয় জীবনের এক নির্মম পরীক্ষা। চিকিৎসকরা আশা ছেড়ে দিলেও পরিবার কখনো হার মানেনি। বাবা প্রিন্স খালিদ বিন তালাল বারবার বলতেন, “আমার ছেলে চোখ খুলে তাকিয়েছে, মাথা নড়িয়েছে… সে ফিরে আসবে।”
কিন্তু দীর্ঘ ১৯ বছরের কোমা কাটিয়ে আল-ওয়ালিদ আর ফিরলেন না।
আজ রবিবার (২০ জুলাই) আসরের নামাজের পর রাজধানী রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে রয়েল কোর্টের বিবৃতিতে।
ছেলের মৃত্যুতে শোকাহত বাবা প্রিন্স খালিদ এক্স (সাবেক টুইটার)-এ লেখেন:
“আল্লাহর ফয়সালা ও তাকদিরের ওপর পূর্ণ বিশ্বাস রেখে গভীর দুঃখ ও শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় পুত্র প্রিন্স আল-ওয়ালিদ আজ আল্লাহর রহমতে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে ক্ষমা করুন।”
দীর্ঘ এই সময়জুড়ে ‘ঘুমন্ত রাজকুমার’-এর প্রতি সৌদি জনগণ ও বিশ্ববাসীর সহানুভূতি ছিল। তার দুর্ভাগ্যজনক অবস্থার আপডেট মাঝেমধ্যে ছড়িয়ে পড়ত সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই তার জন্য প্রার্থনা করতেন।
আজ, সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রিন্স আল-ওয়ালিদের জীবন এখন ইতিহাস। এক নিঃশব্দ যুদ্ধের নাম হয়ে থাকবে তিনি—যেখানে শব্দ নেই, স্পন্দন নেই, কিন্তু ভালবাসা আর অপেক্ষা ছিল সীমাহীন।

