জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশ নয়, দারিদ্র্য পরিস্থিতিকেও গভীর সংকটে ফেলছে। বিশ্বব্যাংকের সর্বশেষ গবেষণা বলছে, চলমান বৈশ্বিক উষ্ণতা যদি এই গতিতেই বাড়তে থাকে, তাহলে ২০৫০ সালের মধ্যে সারা বিশ্বে নতুন করে ৪ কোটি ১০ লাখ মানুষ দরিদ্রতার মুখে পড়বে।
বিশ্বব্যাংক প্রকাশিত নতুন গবেষণা প্রতিবেদন ‘দ্য ফিউচার অব পোভার্টি: প্রজেক্টিং দ্য ইমপ্যাক্ট অব ক্লাইমেট চেঞ্জ অন গ্লোবাল পোভার্টি থ্রু ২০৫০’-এ তুলে ধরা হয়েছে এই ভয়াবহ চিত্র। গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আয় কমে যাওয়ার ফলে দারিদ্র্য বাড়বে দ্বিগুণ হারে। বৈশ্বিক পরিসরে এটি একটি বড় সামাজিক ও অর্থনৈতিক হুমকি হয়ে উঠবে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর বরাতে জানা গেছে, শুধু দক্ষিণ এশিয়াতেই ২০৩০ সালের মধ্যে প্রায় ৪ কোটি ৮৮ লাখ মানুষ চরম দারিদ্র্যে পড়তে পারে। আর ২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে এই সংখ্যা ১৪ কোটি ৮৮ লাখ ছাড়িয়ে যেতে পারে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে রয়েছে সাহারা-উপসাহারা আফ্রিকা, দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল।
এই অঞ্চলগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে দুর্বল অর্থনীতি ও সীমিত সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সংমিশ্রণ দারিদ্র্য বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে।
বিশ্বব্যাংক মনে করে, জলবায়ু সংকট মোকাবিলায় ধনী দেশগুলোর অগ্রণী ভূমিকা নেওয়া দরকার। কারণ, বৈশ্বিক কার্বন নিঃসরণে তাদেরই সবচেয়ে বেশি ভূমিকা। উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে চাই যথেষ্ট আর্থিক সহায়তা, প্রযুক্তির হস্তান্তর এবং অবকাঠামোগত সহায়তা।
গবেষণায় আয়বৈষম্যের দিকটিও গুরুত্ব পেয়েছে। দেখা গেছে, আয়বৈষম্য সামান্য বেড়েও দারিদ্র্য হার দ্রুত বাড়িয়ে দিতে পারে। তাই শুধু জলবায়ু নয়, আর্থিক নীতিতেও ভারসাম্য আনা এখন জরুরি। রিপোর্টে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশ্লেষণে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যপণ্যের দাম বাড়বে। এর ফলে দরিদ্র মানুষের ওপর আরও চাপ তৈরি হবে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে, যেখানে বেশিরভাগ পরিবারের ব্যয়ের বড় অংশই খাবারের পেছনে যায়।
সবচেয়ে বড় আশঙ্কা হলো, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে ২১০০ সালের মধ্যে বৈশ্বিক অর্থনৈতিক উৎপাদন ২৩ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এর মধ্যে অনেক সম্ভাব্য পূর্বাভাস অনুযায়ী, বৈশ্বিক আয় ২০ শতাংশেরও বেশি কমে যেতে পারে।
বিশ্বব্যাংকের মতে, উষ্ণায়নের প্রভাব ধনী-গরিব সবার ওপরই পড়ছে। কিন্তু এর আর্থিক ক্ষতি সবচেয়ে বেশি হচ্ছে নিম্ন ও মধ্যআয়ের দেশগুলোর। কারণ, এ দেশগুলোর বড় অংশই অবস্থিত উষ্ণমণ্ডলীয় অঞ্চলে, যেখানে আবহাওয়ার চরমতা দিন দিন বাড়ছে।
বিশ্বব্যাংক সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এখনই পদক্ষেপ না নিলে জলবায়ু পরিবর্তন ভবিষ্যতে দারিদ্র্য হ্রাসের পথ রুদ্ধ করে দেবে। তাই এখনই সময় টেকসই নীতিনির্ধারণ ও আন্তর্জাতিক সহযোগিতায় এগিয়ে আসার।

