ভারতের হিমাচল প্রদেশে সম্প্রতি এক ব্যতিক্রমী বিয়ের ঘটনা ঘটেছে। এক নারী—সুনীতা চৌহান—বিয়ে করেছেন আপন দুই ভাইকে। এ বিয়ের মধ্য দিয়ে হিমাচলের হট্টি জনগোষ্ঠীর বহু পুরনো পলিয়ান্ড্রি (এক নারীর একাধিক স্বামী) প্রথা নতুন করে আলোচনায় এসেছে।
এই ঐতিহাসিক বিয়েটি সম্পন্ন হয়েছে ১২ জুলাই, হিমাচলের সিরমাউর জেলার ট্রান্স-গিরি অঞ্চলের বাধানা গ্রামে। তিন দিন ধরে চলে বিয়ের অনুষ্ঠান। ছিল লোকসংগীত, নাচ, আনন্দ-উৎসব। অংশ নেন শতাধিক মানুষ। এ যেন শুধু একটি বিয়ে নয়, বরং ছিল ঐতিহ্য সংরক্ষণের এক সামাজিক উৎসব।
সুনীতা চৌহান জানান, তিনি ছোটবেলা থেকেই এই প্রথা সম্পর্কে জানতেন। বিয়েতে রাজি হন পুরোপুরি নিজের ইচ্ছায়। দুই বর—প্রদীপ নেগি ও কপিল নেগিও জানান, কোনো সামাজিক চাপ ছিল না। সিদ্ধান্ত ছিল তিনজনের সম্মিলিত।
প্রদীপ নেগি একজন সরকারি চাকরিজীবী। তার ছোট ভাই কপিল কর্মরত বিদেশে। প্রদীপ বলেন, “আমরা আমাদের প্রথা নিয়ে গর্ব করি। তাই লুকিয়ে নয়, সম্মানের সঙ্গেই সবার সামনে বিয়েটা করেছি।” বিদেশে অবস্থান করেও কপিল জানান, “আমরা একত্রে আমাদের স্ত্রীর পাশে আছি। ভালোবাসা, দায়িত্ব আর স্থিতিশীলতা নিয়েই এই সম্পর্ক শুরু করেছি।”
বিয়ের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সুনীতাকে বরদের সঙ্গে দেখা গেছে ঐতিহ্যবাহী সাজে, হাসিমুখে। ভিডিওটি নিয়ে শুরু হয়েছে আলোচনা, বিতর্ক এবং ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব নিয়ে নানা মতামত।
হিমাচল প্রদেশের রাজস্ব আইন এই ধরনের বহুবিবাহকে স্থানীয়ভাবে ‘জদিদারা’ নামে স্বীকৃতি দেয়। তবে ভারতের কেন্দ্রীয় আইন অনুযায়ী এই পলিয়ান্ড্রি পদ্ধতি বৈধ নয়। তা সত্ত্বেও সিরমাউর জেলার ট্রান্স-গিরি অঞ্চলে প্রথাটি টিকে আছে বহু বছর ধরে।
গত ছয় বছরে এই গ্রামেই এমন অন্তত পাঁচটি বিয়ের নজির পাওয়া গেছে। হট্টি জনগোষ্ঠী মূলত হিমাচল ও উত্তরাখণ্ডের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী একটি আদিবাসী সম্প্রদায়। ২০২২ সালে ভারত সরকার এই জনগোষ্ঠীকে ‘তালিকাভুক্ত উপজাতি’ (Scheduled Tribe) হিসেবে স্বীকৃতি দেয়। তাদের সংস্কৃতি, জীবনধারা ও সামাজিক রীতিনীতিগুলো অনেকটাই আলাদা। পলিয়ান্ড্রি প্রথা তাদের মধ্যে অন্যতম একটি ঐতিহ্যবাহী সামাজিক রীতি, যা বর্তমানে ভারতের অন্যান্য অঞ্চলে প্রায় বিলুপ্ত।
এই বিয়েটি নিয়ে আলোচনা যেমন তৈরি হয়েছে ঐতিহ্য রক্ষার দৃষ্টিকোণ থেকে, তেমনি উঠেছে প্রশ্নও—আধুনিক সমাজে এই প্রথার স্থান কতটা গ্রহণযোগ্য? কেউ বলছেন এটি সাংস্কৃতিক গর্ব, কেউ বা মানবাধিকারের আলোকে বিষয়টি পুনরায় ভাবার আহ্বান জানাচ্ছেন।
তবে পরিবারটি জানিয়েছে, তাদের কাছে এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ও ঐতিহ্যগত। আর বিয়ে হয়েছে পারস্পরিক সম্মতি, ভালোবাসা ও মর্যাদার ভিত্তিতে।

