দীর্ঘদিনের জাতিগত উত্তেজনা থেকে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে ভয়াবহ সংঘর্ষ চলছে, যদিও দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ঘোষণা দিয়েছেন ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’। তবে বাস্তবে যুদ্ধ থামেনি। এক সপ্তাহের মধ্যেই নিহতের সংখ্যা ৯৪০ ছাড়িয়েছে।
শনিবার দারুল আমন হয়ে ওঠার বদলে সুয়েইদা পরিণত হয় সহিংসতার কেন্দ্রে। স্থানীয় দ্রুজ যোদ্ধারা বেদুইন বন্দুকধারীদের শহর থেকে হটিয়ে দেওয়ার দাবি করলেও অন্যান্য এলাকাগুলোতে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
দেশটির তত্ত্বাবধায়ক প্রেসিডেন্টের পক্ষে পাঠানো সরকারি বাহিনীই উল্টো দ্রুজ জনগোষ্ঠীর ওপর হামলায় অংশ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। সংঘর্ষের মধ্যে দোকানপাট লুট, অগ্নিসংযোগ এবং নির্বিচারে গুলির খবরও পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে দেওয়া বার্তায় বলেন, “নিরীহ জনগণকে ধর্ষণ ও হত্যা বন্ধ করতে হবে। দামেস্ক যদি একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সিরিয়া চায়, তবে তাদের উচিত আইএস ও অন্যান্য জিহাদি গোষ্ঠীকে প্রতিরোধ করা।” তিনি দোষীদের বিচার নিশ্চিত করারও আহ্বান জানান।
এরই মধ্যে ইসরাইল দ্রুজ জনগোষ্ঠীর প্রতি সংহতি জানিয়ে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সরকারি বাহিনীর ওপর বিমান হামলা চালিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, সিরিয়ায় বসবাসরত দ্রুজদের রক্ষা করাই তাদের লক্ষ্য, কারণ ইসরাইলেও এ সম্প্রদায়ের একটি বড় অংশ রয়েছে।
ইসরাইলও সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে, শর্ত ছিল দ্রুজদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবে বাস্তবে এই যুদ্ধবিরতি কার্যকর হয়নি।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক জানিয়েছেন, তার দপ্তরে বিশ্বাসযোগ্য প্রমাণ এসেছে — যেখানে দেখা যাচ্ছে নির্বিচার হত্যা, বিচারবহির্ভূত মৃত্যুদণ্ড এবং যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছে সরকারঘনিষ্ঠ বাহিনী, তত্ত্বাবধায়ক সরকারের সমর্থক ও স্থানীয় মিলিশিয়া দল।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা শনিবার এক বিবৃতিতে বলেন, “আমরা দেশের সকল সম্প্রদায় ও সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কেউ অপরাধ করে পার পাবে না।”
এই সহিংসতার সূত্রপাত ঘটে গত সপ্তাহে, যখন এক দ্রুজ ব্যবসায়ীকে দামেস্ক যাওয়ার পথে অপহরণ করে এক বেদুইন গোষ্ঠী। এরপরই দুই সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে পুরো সুয়েইদা অঞ্চল।
সিরিয়ার ভেতরে দ্রুজরা একটি সংখ্যালঘু সম্প্রদায়। তারা শিয়া ইসলাম থেকে উদ্ভূত একটি গোপন ও বিশেষ ধর্মমত পালন করে এবং দামেস্কের বর্তমান সরকারের ওপর গভীর অনাস্থা পোষণ করে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী টম ব্যারাক শুক্রবার ঘোষণা দেন, “আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নিদের আহ্বান জানাই— অস্ত্র ফেলে শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ ও প্রতিবেশীমুখী এক নতুন সিরিয়া গঠনে একত্র হোন।”
কিন্তু বাস্তবতা এখনো রক্তমাখা, ধোঁয়ায় আচ্ছন্ন এবং মানবাধিকার লঙ্ঘনের কড়াল চিত্র তুলে ধরছে। যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেও গোলাগুলির শব্দ, ধ্বংসস্তূপ আর আতঙ্কের ছায়া ঘিরে রেখেছে সিরিয়ার সুয়েইদাকে

