একটি ধর্মনিরপেক্ষ ও আধ্যাত্মিক মূল্যবোধে গঠিত সমাজে, যেখানে ভিক্ষুরা ভক্তি আর শ্রদ্ধার প্রতীক, সেই সমাজে আচমকা এক ভয়াবহ কেলেঙ্কারি আলোড়ন তুলেছে গোটা থাইল্যান্ডজুড়ে। যৌনতার জালে আটকে পড়ে ৯ জন বৌদ্ধ ভিক্ষু কোটি কোটি টাকা গচ্ছা দিয়েছেন এক ৩০ বছর বয়সী নারীর কাছে। এবং ঘটনাটি যতই অবিশ্বাস্য শোনাক, সেটি কিন্তু থাই পুলিশের প্রমাণ-সহ বাস্তব তদন্তেই উঠে এসেছে।
এই চাঞ্চল্যকর ঘটনার মূল চরিত্র—উইলাওয়ান এমসাওয়াত, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের নোনথাবুরি এলাকায় বসবাসকারী এক বিলাসবহুল জীবনের অধিকারী নারী। স্থানীয়ভাবে ‘মিসেস গলফ’ নামে পরিচিত এই নারী তার সৌন্দর্য, আকর্ষণীয়তা এবং ঠাণ্ডা মাথার কৌশলে প্রভাবশালী ভিক্ষুদের প্রেম ও যৌনতার ফাঁদে ফেলতেন। তারপর গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে আদায় করতেন বিশাল অঙ্কের টাকা। থাই পুলিশ ধারণা করছে, গত তিন বছরে উইলাওয়ান ভিক্ষুদের কাছ থেকে আদায় করেছেন অন্তত ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪৩ কোটি টাকা।
থাই পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়, উইলাওয়ান প্রথমে ভিক্ষুদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতেন, প্রেমের অভিনয় করতেন। ধীরে ধীরে তাদের নিয়ে যেতেন শয্যায়, আর সেই মুহূর্তগুলো গোপনে রেকর্ড করে রাখতেন। এরপর শুরু হতো ব্ল্যাকমেইলের খেলা—‘যদি টাকা না দাও, সবকিছু প্রকাশ করে দেব’ এই হুমকিতেই কুপোকাত হয়ে যেতেন ধর্মীয় শৃঙ্খলাবদ্ধ জীবন যাপনকারী ভিক্ষুরা।
তদন্তে পাওয়া গেছে, উইলাওয়ানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৮০ হাজারেরও বেশি যৌন দৃশ্যের ছবি ও ভিডিও, যার অধিকাংশেই রয়েছে গেরুয়া বসনে থাকা ভিক্ষুদের অন্তরঙ্গ মুহূর্ত।
এই অপরাধের সবচেয়ে লজ্জাজনক ও বেদনাদায়ক দিক হলো—ভিক্ষুরা উইলাওয়ানকে যেসব কোটি কোটি টাকা দিয়েছিলেন, সেগুলো তাঁদের নিজস্ব আয়ের উৎস থেকে নয়, সাধারণ মানুষের দেওয়া দান ও মঠের উন্নয়ন প্রকল্পের টাকা থেকে এসেছে! এক অর্থে, ধর্মবিশ্বাসে আস্থা রেখে দান করা জনসাধারণের সেই অর্থ শেষ পর্যন্ত পরিণত হয়েছে এক তরুণীর বিলাসবহুল জীবন ও অনলাইন জুয়ায় পুঁজি হিসেবে।
উইলাওয়ানকে গ্রেপ্তার করা হলেও ঘটনা থেমে থাকেনি। তদন্তে বেরিয়ে এসেছে এই কেলেঙ্কারিতে জড়িত থাকা ৯ জন ভিক্ষুর নাম, যাঁদের মধ্যে কেউ কেউ ছিলেন মঠের উচ্চপদস্থ ধর্মীয় গুরু। এরইমধ্যে তাঁদের গেরুয়া বসন পরার অধিকার অপসারণ করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে আর্থিক অপরাধ ও ধর্মীয় বিধি লঙ্ঘনের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বৌদ্ধ ধর্মের কঠোর নীতিমালা অনুযায়ী, একজন ভিক্ষুর জন্য নারীর সংস্পর্শ, এমনকি তাদের কাছ থেকে কিছু গ্রহণ করাও নিষিদ্ধ। অথচ এখানে নারীর সঙ্গে যৌন সম্পর্ক, তাতে সম্মতি, ভিডিও ধারণ, এবং পরে ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ অপব্যবহার—সবকিছুই ঘটেছে দীর্ঘ সময় ধরে।
এই কলঙ্ক ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়েছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন। সামনের জন্মদিন উপলক্ষে ৮০ জন ভিক্ষুকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ প্রাসাদে। কিন্তু সাম্প্রতিক কেলেঙ্কারির পর রাজার দপ্তর সেই নিমন্ত্রণ বাতিল করেছে। এমনকি ভিক্ষুদের মধ্যে ৮১ জনকে রাজকীয় সম্মান দেওয়ার পরিকল্পনাও প্রত্যাহার করা হয়েছে।
পুলিশি জিজ্ঞাসাবাদে উইলাওয়ান স্বীকার করেছেন যে, তিনি প্রতিদিন ভিক্ষুদের কাছ থেকে হাজার হাজার ডলার আদায় করতেন। কখনো কখনো একদিনেই পেয়েছেন ৯০ হাজার ডলার পর্যন্ত! এই অর্থ তিনি ব্যবহার করতেন অনলাইন ক্যাসিনোতে এবং বিলাসবহুল লাইফস্টাইলে।
থাইল্যান্ডের বৌদ্ধ ধর্ম বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, তারা জরুরি ভিত্তিতে একটি বিশেষ কমিটি গঠন করবে, যারা নতুন করে ভিক্ষুদের আচরণবিধি, শপথ রীতি ও ধর্মীয় শৃঙ্খলা পর্যালোচনা করবে।
এই ঘটনাটি শুধু থাইল্যান্ড নয়, গোটা বৌদ্ধ বিশ্বে এক ধরনের নৈতিক ধাক্কা দিয়েছে। ধর্ম মানুষকে পথ দেখায়, কিন্তু ধর্মের দায়িত্ব যাঁদের কাঁধে, তাঁদের স্খলন কখনও কখনও এই বিশ্বাসকেই প্রশ্নবিদ্ধ করে তোলে।
থাইল্যান্ডে ৯০ শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। তাঁদের বিশ্বাস ও আস্থার প্রতীক—ভিক্ষুদের এই পতন তাই শুধু আইন নয়, মন ও সমাজের গভীর বিশ্বাসকেও আহত করেছে।

