গাজা যেন আজ আর কেবল যুদ্ধের নাম নয়—এটি এখন প্রতিদিনের মৃত্যু, ক্ষুধা আর আশাহীনতার আরেক নাম। একফোঁটা খাবারের আশায় যে মানুষগুলো সারারাত লাইনে দাঁড়িয়ে থাকে, সকালে তারা ফিরে যায় লাশ হয়ে। শনিবার (১৯ জুলাই) এমনই এক হৃদয়বিদারক সকাল দেখেছে গাজা।
দক্ষিণ গাজার খান ইউনিস এবং রাফাহ শহরের দুটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এই তথ্য নিশ্চিত করেছেন।
ভোর হওয়ার আগেই ত্রাণ পাওয়ার আশায় আত্মীয়দের নিয়ে আল-তিনা এলাকায় গিয়েছিলেন ৩৭ বছর বয়সী আবদুল আজিজ আবেদ। ফিরে এসেছেন গুলির শব্দ আর হতাশা নিয়ে।
“প্রতিদিনই যাই, কিন্তু ত্রাণ পাই না। ফিরে আসি শুধু গুলির শব্দ আর আতঙ্ক নিয়ে,” বলেন আবদুল আজিজ।
তার মতো আরও অন্তত তিনজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ইসরায়েলি সেনারা সরাসরি ত্রাণ প্রত্যাশীদের দিকে গুলি চালিয়েছে। অনেকের শরীরে তখন খাবারের ব্যাগ ছিল, কেউ বা হাতে ধরে রেখেছিলেন পরিচয়পত্র।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, রাফাহ এলাকায় তাদের একটি অভিযান চলাকালে কিছু লোক হঠাৎ সেনাদের দিকে এগিয়ে এলে তারা “হুমকি অনুভব” করে। সরে যেতে বলার পরও কেউ না সরায়, তারা “সতর্কতামূলক গুলি” ছোড়ে।
তবে তারা স্বীকার করেছে, এই গুলির ঘটনা ঘটেছে ত্রাণকেন্দ্র থেকে প্রায় এক কিলোমিটার দূরে, গভীর রাতে। যদিও সেই সময়েও বহু মানুষ আশেপাশে অবস্থান করছিলেন, কারণ গাজার মানুষ এখন রাতে, দিনের অপেক্ষা না করেই, খাবারের খোঁজে বেরিয়ে পড়ে।
এই ঘটনার পাশাপাশি গাজার নুসাইরাত এলাকার একটি বাড়িতেও ইসরায়েলি বাহিনীর আরেকটি হামলায় ১২ জন প্রাণ হারিয়েছেন, জানিয়েছে সিভিল ডিফেন্স।
গাজায় সাংবাদিকতা এখন প্রায় অসম্ভব। যোগাযোগ বিচ্ছিন্নতা, অবরুদ্ধ এলাকা ও সেনাবাহিনীর বাধার কারণে সঠিক তথ্য নিশ্চিত করা কঠিন। কিন্তু প্রতিটি মৃত্যুর সংবাদই এখন একই বর্ণনায় ফিরে আসে—ত্রাণ নিতে গিয়ে নিহত, ঘুমের ঘরে বোমা পড়ে মৃত্যু, বা হাসপাতালের ধ্বংসস্তূপে চাপা পড়ে নিঃশেষ হওয়া।
গাজার পরিস্থিতি দিন দিন ভয়াবহ থেকে আরও ভয়াবহতর হয়ে উঠছে। শান্তি কেবল শব্দ নয়, এখন সেটি এই জনপদের জন্য জীবন-মরণ প্রশ্ন।

