দক্ষিণ কোরিয়ায় কয়েকদিনের টানা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। এখনো নিখোঁজ রয়েছেন ১২ জন, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (২০ জুলাই) রাজধানী সিউলের উত্তরে গাপইয়ং শহরে ভূমিধসে ক্ষতিগ্রস্ত একটি সেতু পার হয়ে বাসিন্দাদের কাদায় হেঁটে আশ্রয়কেন্দ্রে যেতে দেখা গেছে। অন্যদিকে, দক্ষিণের চুংচেয়ং অঞ্চলে একটি পুরো গ্রাম ভূমিধসে চাপা পড়েছে বলে স্থানীয় ভিডিও ফুটেজে দেখা গেছে।
দেশটির দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সানচেয়ং এলাকায় ছয়জন নিহত এবং সাতজন নিখোঁজ রয়েছেন। হাজার হাজার রাস্তা ও ভবন পানির নিচে তলিয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ কৃষিজমি এবং বহু গবাদিপশু মারা গেছে।
বুধবার থেকে শুরু হওয়া ভারি বর্ষণে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। ৪১ হাজারের বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
বৃষ্টি কিছুটা কমলেও নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে উত্তরাঞ্চলে। সিউল ও আশপাশের অঞ্চলে রোববার আরও ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং রোববার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে “বিশেষ দুর্যোগ এলাকা” হিসেবে ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং জরুরি ভিত্তিতে একটি বহু-সংস্থা মিলে উদ্ধার ও পুনর্গঠন কার্যক্রম শুরু হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইউন হো-জুং স্থানীয় প্রশাসনগুলোকে নির্দেশ দিয়েছেন, যেন দ্রুত “সমস্ত উপলব্ধ সম্পদ” কাজে লাগিয়ে মানুষকে সহায়তা করা হয়।
এএফপির বরাতে জানা গেছে, গাপইয়ং কাউন্টিতে ভূমিধসে কাদা ও মাটি চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার রাতের মধ্যেই বৃষ্টিপাত বন্ধ হবে বলে আশা করা হচ্ছে, তবে এরপরই শুরু হবে তীব্র তাপপ্রবাহ, যা নতুন করে জনদুর্ভোগ ডেকে আনতে পারে।
প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষয়ক্ষতির চিত্র প্রতিদিন আরও ভয়াবহ হয়ে উঠছে, আর উদ্ধারকর্মীরা এখনো নিখোঁজদের সন্ধানে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

