আফগান শরণার্থীদের তালেবানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “আমি এখনই তাদের রক্ষা করার চেষ্টা শুরু করছি।” সংযুক্ত আরব আমিরাত থেকে আফগানদের বিতাড়নের খবর প্রকাশের পর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি প্রতিবেদন শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।
রোববার (২০ জুলাই) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, ‘জাস্ট দ্য নিউজ’ নামের একটি সংবাদমাধ্যম জানায়, আবুধাবির একটি শরণার্থী শিবিরে বসবাসকারী ৩২ জন আফগান পুরুষ, নারী ও শিশু জানতে পারেন, তাদের তালেবানের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে।
প্রতিবেদনে আরো বলা হয়, কোনও ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা ক্যাম্পে উপস্থিত হন এবং সংশ্লিষ্ট আফগানদের জানিয়ে দেন যে, তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এমনকি সংশ্লিষ্ট ব্যক্তিদের পাসপোর্টও জব্দ করা হয় বলে অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীর সেনা প্রত্যাহারের পর তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। সেই সময় বহু আফগান নাগরিক দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং তাদের একাংশ আশ্রয় নেয় সংযুক্ত আরব আমিরাতে।
এই প্রেক্ষাপটে জাতিসংঘের আফগানিস্তানে মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি রিচার্ড বেনেট বলেন, “আফগানদের জোর করে ফেরত পাঠানোর উদ্যোগ গভীর উদ্বেগজনক।” তিনি আরো বলেন, “আফগানিস্তান এখনো নিরাপদ নয়। যাদের ফেরত পাঠানো হচ্ছে, তারা নির্যাতন ও সহিংস প্রতিশোধের ঝুঁকিতে রয়েছেন।” বেনেট সংযুক্ত আরব আমিরাত সরকারকে এই পরিকল্পনা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।

