দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে পিকআপ ট্রাক ও এসইউভির মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। রোববার উপকূলীয় শহর মান্তা ও মন্টেক্রিস্টিকে সংযোগকারী মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ইকুয়েডরের ট্র্যাফিক কমিশনের তদন্ত কর্মকর্তা জুয়ান কার্লোস মার্টিলো জানান, দুর্ঘটনার পেছনে লেন লঙ্ঘনের সম্ভাবনা রয়েছে। প্রাথমিক তদন্তে এটিকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, “নিহতের সংখ্যা বিশ্লেষণ করে অনুমান করা যায় যে, কমপক্ষে একটি গাড়িতে অতিরিক্ত যাত্রী ছিল।”
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, নিহতদের মধ্যে ৬ ও ১১ বছর বয়সী দুটি শিশুও রয়েছে। গাড়িগুলোর গঠন ও পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সংঘর্ষটি ছিল অত্যন্ত তীব্র। দুর্ঘটনায় আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইকুয়েডরে সড়ক দুর্ঘটনা মৃত্যুর প্রধান কারণগুলোর একটি হিসেবে পরিচিত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেশটিতে মোট ৪ হাজার ৭৫৬টি সড়ক দুর্ঘটনা ঘটে, যাতে ৫৬৫ জন প্রাণ হারান।
গত বছর সড়ক দুর্ঘটনায় ইকুয়েডরে প্রায় ২ হাজার ৩০০ জনের মৃত্যু হয়। এসব দুর্ঘটনার এক-তৃতীয়াংশের বেশি ঘটে চালকদের অনভিজ্ঞতা ও বেপরোয়া গতির কারণে।

