গাজা উপত্যকার রাফা শহরের শাকুশ এলাকায় বিতর্কিত ত্রাণ সংস্থা জিএইচএফের একটি ত্রাণ বিতরণকেন্দ্রে জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর মরিচের গুঁড়ার স্প্রে ছুড়ে দেয় ইসরায়েলি সেনারা। ১০ জুলাই ধারণ করা একটি ভিডিওতে এই দৃশ্য ধরা পড়ে, যা ১৩ জুলাই রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়।
আল-জাজিরার ফ্যাক্ট- চেকিং সংস্থা সানাদ ভিডিওটির সত্যতা যাচাই করে জানিয়েছে, সেখানে তিনজন সশস্ত্র ইসরায়েলি সেনাকে স্পষ্টভাবে মরিচের গুঁড়া ছিটাতে দেখা যায়। ভিডিওতে আরো দেখা গেছে, পুরুষ, নারী এবং শিশুরা আতঙ্কে ছুটে পালাচ্ছেন। কেউ কেউ কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছেন, কেউবা পিঠে ময়দার বস্তা তুলে নিয়ে ছুটছেন। ঘটনাটি ঘটে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত জিএইচএফের বিতরণকেন্দ্র এলাকায়।
এই ঘটনার মধ্যে দিয়ে আরও স্পষ্ট হয়ে উঠেছে যে গাজার ফিলিস্তিনিদের মানবিক সংকট চরমে উঠেছে। জাতিসংঘ ১৫ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, মে মাসের শেষ থেকে জিএইচএফ গাজায় ত্রাণ কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৮৯১ জন ফিলিস্তিনি খাবারের খোঁজে গিয়ে নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৬৭৪ জনের মৃত্যু হয়েছে জিএইচএফের ত্রাণকেন্দ্রগুলোর আশপাশে সংঘটিত হামলায়।
ইসরায়েলের অবরোধ কিছুটা শিথিল হওয়ার পর এই বিতরণ কার্যক্রম শুরু হয়। তবে কার্যত জাতিসংঘের নেতৃত্বাধীন ত্রাণ ব্যবস্থাকে উপেক্ষা করে জিএইচএফ বিতরণকাজ চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।
গত রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৮৪ ফিলিস্তিনি নিহত হন, যাঁদের মধ্যে ৭৩ জনই ছিলেন ত্রাণ সংগ্রহে আসা সাধারণ মানুষ। এর আগের দিন শনিবার গাজা জুড়ে চালানো হামলায় প্রাণ হারান ১১৬ জন। এর মধ্যে অন্তত ৩৮ জন ছিলেন ত্রাণপ্রত্যাশী।
গাজার বাসিন্দা মাহমুদ মোকাইমার জানিয়েছেন, তিনিও জিএইচএফের ত্রাণকেন্দ্রে যাচ্ছিলেন। তিনি বলেন, ‘ইসরায়েলি সেনারা প্রথমে সতর্কতামূলক গুলি চালায়, পরে সরাসরি গুলি করতে শুরু করে।’ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে মোকাইমার আরো বলেন, ‘দখলদার বাহিনী আমাদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়।’ তিনি আরো জানান, অন্তত তিনজনের নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখেছেন তিনি, আহত বহু মানুষকে দৌড়ে পালাতে দেখা গেছে।
আল-জাজিরার প্রতিবেদক হিন্দ খোদারি গাজার দেইর আল-বালাহ শহর থেকে জানিয়েছেন, ‘ইসরায়েল যদি গাজায় আরও খাবার প্রবেশ করতে না দেয়, তাহলে ফিলিস্তিনিদের সামনে খাবারের জন্য জীবন ঝুঁকিতে ফেলা ছাড়া আর কোনো পথ থাকবে না।’ তিনি আরো বলেন, মা-বাবারা জানেন যে জিএইচএফের ত্রাণকেন্দ্রে গেলে তাঁরা গুলিতে মারা যেতে পারেন, তবুও যান, কারণ না গেলে তাঁদের শিশুরা না খেয়ে থাকবে।
ত্রাণের জন্য জীবন উৎসর্গ করার এই করুণ চিত্রের মধ্যেই গত রোববার গাজার আল-আকসা মারটায়ার হাসপাতালের একটি সূত্র জানায়, চার বছর বয়সী শিশু রাজান আবু জাহের অপুষ্টি ও অনাহারের কারণে মারা গেছে। শনিবার আল-শিফা হাসপাতালের পরিচালক জানিয়েছেন, সেখানে আরও দুজন অনাহারে প্রাণ হারিয়েছেন, তাঁদের মধ্যে একজন ৩৫ দিন বয়সী শিশু।
গাজাজুড়ে শিশু, এমনকি নবজাতকেরাও অনাহারে মারা যাচ্ছে-এই বাস্তবতা মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের পৈশাচিক ও নিষ্ঠুর প্রতিফলন। খাবারের সন্ধানে নিহত হওয়ার আশঙ্কা জেনেও ত্রাণ সংগ্রহে ফিলিস্তিনিদের ভিড় যেন থামছে না। এখন গাজায় বেঁচে থাকার জন্য খাবার চাইলে জীবন বাজি রেখে এগোতেই হচ্ছে।

