গাজা উপত্যকায় মানবিক সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৯৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। এ ঘটনায় গাজা যুদ্ধের বর্বরতা নিয়ে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন পোপ লিও চতুর্দশ।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, রোববার গাজার উত্তরাঞ্চলে ত্রাণবাহী ট্রাক পৌঁছালে সৃষ্ট ভিড়ে গুলি চালায় ইসরায়েলি বাহিনী, যাতে ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ৮০ জন। একই দিনে দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের একটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে গুলিতে নিহত হন আরো ৯ জন। খান ইউনিসেও একটি ত্রাণকেন্দ্রের পাশে গুলি চালানো হয়, সেখানে ৪ জন নিহত হন বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, গাজা সিটির কাছে তাদের খাদ্যবাহী ২৫টি ট্রাকের একটি বহর পৌঁছালে বিপুলসংখ্যক ক্ষুধার্ত মানুষ ভিড় জমায়। তখনই সেখানেও গুলি চালানো হয়।
তবে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, হাজারো মানুষ জড়ো হওয়ার পর সেনারা “তাৎক্ষণিক হুমকি প্রতিহত করতে” সতর্কতামূলক গুলি চালিয়েছে। নিহতের সংখ্যা নিয়েও তারা প্রশ্ন তুলেছে।
বিপরীতে, গাজা উপত্যকার মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েলি বাহিনীর হামলায় বেসামরিক মানুষের মৃত্যু এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। চরম খাদ্য সংকটে পড়া মানুষ বাধ্য হয়ে ত্রাণ সংগ্রহে আসছেন, আর তখনই তারা গুলিবিদ্ধ হচ্ছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত গাজায় ৮০০ জনের বেশি ত্রাণপ্রত্যাশী নিহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের পর এই যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ১ হাজার ২১৯ জন ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। তার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় টানা হামলা শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব বলছে, এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে ৫৮ হাজার ৮৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
এদিকে, গাজার হলি ফ্যামিলি গির্জায় ইসরায়েলি হামলায় তিন ব্যক্তির মৃত্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বৃহস্পতিবার পোপ লিও চতুর্দশের কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি দাবি করেন, ভুল করে ছোড়া গোলাবারুদের আঘাতেই ওই হতাহতের ঘটনা ঘটে।
রোববার প্রার্থনার পর পোপ লিও চতুর্দশ গাজা যুদ্ধের চলমান বর্বরতার কড়া নিন্দা জানান এবং শান্তির আহ্বান জানান। তিনি বলেন, গির্জায় হামলা গাজার বেসামরিক মানুষ ও প্রার্থনাস্থলগুলোর ওপর ধারাবাহিক সামরিক আক্রমণের অংশ। গত বৃহস্পতিবারই গাজা সিটির হলি ফ্যামিলি গির্জায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যার সঙ্গে প্রয়াত পোপ ফ্রান্সিস নিয়মিত যোগাযোগ রাখতেন।
ঘটনার দিন রোমান ক্যাথলিক নেতা গ্যাব্রিয়েল রোমানেল্লি জানান, হামলায় তিনজন নিহত হন এবং আরো অনেকে আহত হন।

